নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিনেদুপুরে কলকাতা পুরসভার এক কাউন্সিলারের বাড়িতে ঢুকে পড়লেন সন্দেহভাজন এক ব্যক্তি। একবার নয়, তিনবার ঢুকেছেন আবার বেরিয়েও গিয়েছেন। এই ছবি ফুটে উঠেছে সিসি ক্যামেরার ফুটেজে। কে এই রহস্যজনক ব্যক্তি? বৃহস্পতিবার গড়িয়াহাট থানায় অভিযোগ করেছেন ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুদর্শনা মুখোপাধ্যায়। তদন্তে নেমেছে পুলিস। সুদর্শনা বলেন, এদিন সকাল থেকে দুপুরের মধ্যে তিনবার ওই ব্যক্তি তাঁর বাড়িতে ঢোকেন। পরনে সাদা জামা ও জিনসের প্যান্ট। কিন্তু, কারও খোঁজ করেননি ওই ব্যক্তি। বাড়িতে থাকা কলিং বেলও বাজাননি তিনি। কেন তিনি ঢুকেছিলেন, কেউ জানেন না। ওই ব্যক্তিকে একাধিক ঢুকতে ও বেরতে দেখে সন্দেহ হয় এক প্রতিবেশীর। তিনিই কাউন্সিলারকে বিষয়টি জানান। নিছক কৌতূহল, নাকি কোনও অপরাধ সংগঠিত করতে রেকি চালিয়েছেন তিনি? তদন্তে গড়িয়াহাট থানার পুলিস। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা।



