Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কোতুলপুরের যুবকের তৈরি করা ‘ব্যান্ডেল চিজ’ গেল নিউ ইয়র্কে

কোতুলপুরের যুবকের তৈরি করা ‘ব্যান্ডেল চিজ’ গেল নিউ ইয়র্কে
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
উজ্জ্বল পাল, বিষ্ণুপুর: কোতুলপুরের যুবকের তৈরি পর্তুগীজদের প্রিয় লুপ্তপ্রায় ‘ব্যান্ডেল চিজ’ এবার বিশ্বের বাজারে ঠাঁই পেল। সম্প্রতি কোতুলপুরের চকচাঁদ গ্রামের যুবক পলাশ ঘোষের তৈরি ব্যান্ডেল চিজ নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্টে পাঠানো হয়। নানা পদের সঙ্গে ব্যান্ডেল চিজ সেখানে ঠাঁই পায়। ওই রেস্টুরেন্টে ব্যান্ডেল চিজ দিয়ে কুলচা বানানো হয়। নতুন ধরনের ওই পদের স্বাদ পেয়ে সেখানকার মানুষজন বেশ তৃপ্ত বলে জানা গিয়েছে। 
Advertisement
ব্যান্ডেল চিজ যিনি বিশ্বের বাজারে রপ্তানি করেছেন তিনি হলেন দিল্লির বাসিন্দা সৌরভ গুপ্ত। তিনি কোতুলপুরের চকচাঁদ গ্রামে একাধিকবার এসেছেন। তিনি বলেন, গোটা দেশের মধ্যে লুপ্তপ্রায় ব্যান্ডেল চিজকে আজও নীরবে বাঁচিয়ে রেখেছেন চকচাঁদ গ্রামের বাসিন্দা পলাশ। দিল্লির হোটেলে শচীন তেণ্ডুলকরের মতো মানুষও ব্যান্ডেল চিজ খেয়ে প্রশংসা করেছেন। কিছুদিন আগে নিউ ইয়র্কে কিছু পরিমাণ ব্যান্ডেল চিজ পাঠানো হয়। সেখানকার একটি নামী রেস্টুরেন্টে ব্যান্ডেল চিজ দিয়ে বানানো কুলচা ভালো দামে বিক্রি হয়েছে। অন্যান্য দেশেও ব্যবসায়ীদের কাছে তুলে ধরার জন্য  কয়েকদিন আগে বিশ্ববাংলা ময়দানে বাণিজ্য মেলায় ব্যান্ডেল চিজ প্রদর্শন করা হয়েছিল। 
পলাশবাবু বলেন, আমাদের পরিবার বংশ পরম্পরায় ব্যান্ডেল চিজ তৈরি করে আসছে। পর্তুগীজরা এদেশ ছাড়ার পর থেকে ব্যান্ডেল চিজের বাজার নষ্ট হয়ে গিয়েছে। আমরা এখনও তা বাঁচিয়ে রেখেছি। তা কলকাতা ছাড়াও দিল্লি, মুম্বই সহ দেশের বিভিন্ন শহরে ফাইভ স্টার হোটেলে মূল্যবান পদ হিসেবে মর্যাদা পায়। তবে প্রচারের অভাবে সর্বত্র এর চাহিদা বিশেষ নেই। সম্প্রতি আমার তৈরি ব্যান্ডেল চিজ নিউইয়র্কে পাঠানো হয়েছিল। সেখানকার মানুষ পছন্দ করেছেন বলে শুনেছি। প্রচার বাড়লে ওই চিজের বাজার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে। 
জানা গিয়েছে, পর্তুগীজদের প্রিয় ওই ‘চিজ’ প্রথম হুগলির ব্যান্ডেলে তৈরি হয়। কোতুলপুরের চকচাঁদ গ্রামের ঘোষ পরিবারের এক পূর্বপুরুষ কর্মসূত্রে ব্যান্ডেলে থাকায় তিনি তা রপ্ত করে নেন। পরবর্তীকালে তিনি নিজেই বাড়িতে তা তৈরি করেন। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। পর্তুগীজরাও এদেশ ছেড়েছে। ধীরে ধীরে ব্যান্ডেল চিজ লুপ্তপ্রায় হয়ে যায়। কিন্তু কোতুলপুরের চকচাঁদ গ্রামে পলাশ ঘোষের পরিবার প্রায় ৩০০ বছর ধরে বংশপরম্পরায় আজও ব্যান্ডেল চিজ উৎপাদন করছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ