সংবাদদাতা, বিষ্ণুপুর: কোতুলপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম জিৎ মণ্ডল(১৮)। বাড়ি স্থানীয় মথুরাতাপল গ্রামে। বৃহস্পতিবার বিকেলে বাড়িতেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জিতের এক আত্মীয় সহদেব মণ্ডল বলেন, জিৎ বাবা ও মায়ের একমাত্র ছেলে ছিল। কলেজে পড়ছিল। বৃহস্পতিবার বাড়ির সকলে মাঠে কাজ করছিল। তারা ফিরে এসে জিৎকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিস মৃতদেহ উদ্ধার করে। কী কারণে ও আত্মঘাতী হল, তা আমরা বুঝতে পারছি না।
Advertisement
ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার: একই দিনে বিষ্ণুপুরের হিংজুড়ি গ্রামে বাড়িতেই দশম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার নাম দীপিকা সাঁতরা(১৬)। পুলিস জানিয়েছে, শুক্রবার বিকেলে বাড়িতেই ওই স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিষ্ণুপুর জেলা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করানো হয়েছে। দীপিকার পিসতুতো দাদা বিজয় সাঁতরা বলেন, পড়াশোনা নিয়ে দীপিকাকে ওর বাবা-মা বকাবকি করেছিলেন। বৃহস্পতিবার বিকেলে মাঠ থেকে ফিরে তাঁরা বাড়িতে দীপিকাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে। সামান্য বকাবকির জেরে অভিমানে ও এতবড় সিদ্ধান্ত নিয়ে ফেলবে, তা কেউই ভাবতে পারেনি।



