সংবাদদাতা, কাঁথি: কাঁথির করঞ্জি এলাকায় শিশু বিক্রি কাণ্ডে আরও একজনকে গ্রেপ্তার করল জুনপুট কোস্টাল থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম খোকন পাত্র। তার বাড়ি রামনগরের গাংপুরা এলাকায়। এই ঘটনায় দেড় মাস বয়সি ওই শিশুর বাবা সহ চারজন আগেই গ্রেপ্তার হয়েছে। তারা বর্তমানে পাঁচদিনের পুলিসি হেফাজতে রয়েছে। সব মিলিয়ে শিশু বিক্রি কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ।
Advertisement
উল্লেখ্য, মাসখানেক আগে করঞ্জি এলাকার বাসিন্দা সুবর্ণ প্রামাণিক তার সদ্যোজাত শিশুপুত্রকে অভাবের তাড়না সহ একাধিক কারণে রামনগরের গাংপুরা এক নিঃসন্তান দম্পতিকে বিক্রি করে দেয়। বিষয়টি জানার পর পুলিস তদন্তে নামে। পুলিস সুবর্ণ ছাড়াও শিশু বিক্রির ঘটনায় যুক্ত আরও তিনজনকে গ্রেপ্তার করে। তাদের বাড়ি জুনপুটের দক্ষিণ গোপীনাথপুর ও বেণীপুর এলাকায়। পাশাপাশি শিশুটিকে উদ্ধার করা হয়। ওই শিশুটি বর্তমানে হোমে রয়েছে। পুলিস তদন্তে নেমে জানতে পারে, এই ঘটনায় গাংপুরার এক ব্যক্তি যুক্ত রয়েছে, যে ওই গ্রামের বাসিন্দা দম্পতিকে শিশুটিকে বিক্রির ব্যাপারে সহযোগিতা করেছিল। মঙ্গলবার রাতে পুলিস খোকনকে গ্রেপ্তার করে।



