Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথিতে ওটিপি জেনে ৫ লক্ষ টাকা প্রতারণা, ধৃত

কাঁথিতে ওটিপি জেনে ৫ লক্ষ টাকা প্রতারণা, ধৃত
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: গ্যাসের ভর্তুকি পাইয়ে দেওয়ার নামে ওটিপি জেনে পাঁচ লক্ষ টাকা প্রতারণা! এমনই অভিযোগে কাঁথি থানার পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত মুক্তিপদ বক্সির বাড়ি বীরভূম জেলার খয়রাশোল থানার রানিপাথরের আমজোলা গ্রামে। বুধবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, মুক্তিপদ টাকা হাতানোর একটি চক্রের সঙ্গে যুক্ত।
Advertisement
জুন মাসে কাঁথির হরিপুরের বাসিন্দা রাণুবালা মাইতির কাছে একটি ফোন আসে। ফোনে অপরপ্রান্তে থাকা ব্যক্তি নিজেকে ব্যাঙ্কের আধিকারিক বলে পরিচয় দেয়। সে রাণুবালাদেবীকে বলে, আপনার রান্নার গ্যাসের ভর্তুকির বড় অঙ্কের টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। তার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সহ অন্য তথ্য লাগবে। ভর্তুকির টাকা পাওয়ার আশায় ওই মহিলা সরল বিশ্বাসে সব তথ্য দিয়ে দেন। এরপর তাঁর কাছ থেকে কায়দা করে ওটিপি জেনে নেয় প্রতারক। পরবর্তীকালে দফায় দফায় ৪লক্ষ ৯৯হাজার টাকা ওই মহিলার অ্যাকাউন্ট থেকে সাফ হয়ে যায়। এরপর তিনি থানার সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে মুক্তিপদকে গ্রেপ্তার করেছে। ধৃতের অ্যাকাউন্ট ফ্রিজ করে রাণুবালাদেবীকে খোয়া টাকার একটা অংশ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে পুলিস।ধৃত যুবককে জেরা করে পুলিস জানতে পেরেছে, এই চক্রের সদস্যরা গ্যাসে ভর্তুকি দেওয়ার নাম করে রাজ্যের নানা প্রান্তের মানুষকে ফোন করত। তাদের পাতা ফাঁদে যে পা দিত, তাঁর সর্বস্ব হাতিয়ে নিত। এর আগে পটাশপুরের একাধিক ব্যক্তি এই ফাঁদে পা দিয়ে মোটা অঙ্কের টাকা খুইয়েছেন। মামলার তদন্তকারী আধিকারিক চন্দন মাইতি বলেন, ধৃত যুবককে জেরা করে আমরা অনেক তথ্য জানতে পেরেছি। তার সঙ্গীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ