Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথিতে অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার, চাঞ্চল্য

কাঁথিতে অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: বুধবার বিকেলে কাঁথির মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের  চুনফলি এলাকায় মাঠ থেকে অজ্ঞাতপরিচয় এক মহিলার পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এদিন স্থানীয় লোকজন ফাঁকা মাঠে দেহটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সংশ্লিষ্ট জুনপুট কোস্টাল থানার পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। মহিলা খুন হয়েছেন, নাকি অন্য কোনও ঘটনা, তা পরিষ্কার হয়নি। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। 
Advertisement
কাঁথির চুনফলি ও তেঘরির মাঝে ওই মাঠটিতে তেমন কেউ যায় না। তাই দেহটি সেখানে পড়ে থাকলেও কারও নজরে আসেনি। এদিন মৃতদেহের পাশে ব্যাগ সহ জামাকাপড় এবং কিছু জিনিসপত্র পড়েছিল। আর পরনে ছিল সালোয়ার-কামিজ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহিলার উপর অত্যাচার চালিয়ে এখানে ফেলে দিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। তবে মহিলা এলাকার কেউ নন বলে স্থানীয় বাসিন্দারা পুলিসকে জানান। সন্ধ্যা পর্যন্ত মহিলার পরিচয় উদ্ধার হয়নি। পুলিস তা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তাঁর দেহের ছবি তুলে আশপাশের থানায় পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট থানার এক আধিকারিক বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ পরিষ্কার হবে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। থানায় কোনও নিখোঁজ ডায়েরি হয়েছিল কিনা, তাও জানার চেষ্টা চলছে। 
ট্রেনে টাকা পড়ে মৃত্যু: মঙ্গলবার রাতে কাঁথির গয়াগিরির কাছে দীঘা-তমলুক রেলপথে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা যান। তাঁরও পরিচয় উদ্ধার হয়নি। ওইদিন রাতে দীঘাগামী একটি ট্রেন যাওয়ার সময় ওই ব্যক্তি ঝাঁপ দেন। রেলপুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিস মৃতের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ