সংবাদদাতা, কাঁথি: বৃহস্পতিবার দুপুরে কাঁথির হরিপুরের শ্যামরাইবাড়-জালপাই এলাকায় জুনপুট-শৌলা রাস্তার পাশে বনদপ্তরের সামাজিক বনসৃজনের গাছে আচমকা আগুন লাগায় চাঞ্চল্য ছড়ায়। আকাশমণি গাছের বাগানে আগুন লেগে যায়। খবর পেয়ে কাঁথির দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে যায়। জুনপুট কোস্টাল থানার পুলিসও সেখানে যায়। দমকলের একটি ইঞ্জিন এবং পুলিসের তৎপরতায় আধ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগে সামাজিক বনসৃজনের অনেকটা অংশ গ্রাস করে নেয় আগুন। তাতে বেশকিছু আকাশমণি গাছ পুড়ে গিয়েছে। জানা গিয়েছে, বনদপ্তরের পক্ষ থেকে সামাজিক বনসৃজনে বা সোশ্যাল ফরেস্ট্রির অঙ্গ হিসেবে বছরখানেকের বেশি আগে কয়েক বিঘা জায়গাজুড়ে আকাশমণি গাছ লাগানো হয়েছিল। এদিন আগুন লাগার পর হাওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। দাউদাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন দৌড়ে আসেন। তাঁরা আগুন আয়ত্তে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। খবর দেওয়া হয় দমকল ও থানায়। দমকলের প্রাথমিক অনুমান, কেউ ধূমপান করে বিড়ি বা সিগারেটের অবশিষ্ট অংশ ফেলে দিয়ে গিয়েছে। তা থেকে আগুন লাগতে পারে। স্থানীয় পঞ্চায়েত সদস্য সৌম্যসুন্দর গিরি বলেন, দমকল দ্রুত ঘটনাস্থলে না এলে আগুন আরও ছড়িয়ে পড়তে পারত। আমরা এলাকার বাসিন্দাদের নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগাই। বনদপ্তরের কাঁথি রেঞ্জের অফিসার অর্পিতা কুণ্ডু বলেন, আগুনে দেড় বিঘার মতো জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশকিছু চারাগাছ পুড়ে গিয়েছে।



