Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথিতে বধূ অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কাঁথিতে বধূ অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: কাঁথি এলাকার গৃহবধূকে অপহরণের অভিযোগে পুলিস মুর্শিদাবাদের এক যুবককে গ্রেপ্তার করল। উদ্ধার করা হয়েছে বধূকে। কাঁথি থানার পুলিস জানিয়েছে, ধৃতের নাম রাহুল মণ্ডল। তার বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নাটিয়াল এলাকায়। সোমবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক ধৃতের চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, দিন চারেক আগে কাঁথির ওই গৃহবধূ নিখোঁজ হয়ে যান। মুর্শিদাবাদের ওই যুবকের সঙ্গে ফেসবুকের মাধ্যমে তাঁর আলাপ হয়েছিল। আলাপ থেকে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানে গৃহবধূ ওই যুবকের কাছে পৌঁছে যান। ঘটনার পর বধূর স্বামী থানায় নিখোঁজ ডায়েরি করেন। তারপরই বধূকে নিয়ে কেরলের উদ্দেশে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয় রাহুল। সেইমতো রবিবার সে ওই বধূকে নিয়ে দমদম এয়ারপোর্টে চলে আসে। পরিকল্পনা ছিল, কেরলে গিয়ে কাজ খুঁজে নিয়ে সংসার পাতার। এরই মধ্যে গৃহবধূর মতি ফেরে। 
পুলিসের দাবি, তিনি বাড়ি ফিরতে চেয়ে স্বামীকে ফোন করেন। গৃহবধূর স্বামী কাঁথি থানায় যোগাযোগ করেন। কাঁথি পুলিস এয়ারপোর্ট থানার সঙ্গে যোগাযোগ করে। এয়ারপোর্ট থানার পুলিস রাহুল ও ওই গৃহবধূকে আটকে রাখে। এরপর কাঁথি থানার পুলিস দমদম এয়ারপোর্টে গিয়ে গৃহবধূকে উদ্ধার করে নিয়ে আসে। গ্রেপ্তার করা হয় রাহুলকে। থানার আইসি প্রদীপকুমার দাঁ বলেন, বিস্তারিত জানতে ওই যুবককে জেরা করা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ