Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটোয়ায় রেলগেটে ওভারব্রিজ: জেলা প্রশাসন পরিদর্শনে

কাটোয়ায় রেলগেটে ওভারব্রিজ: জেলা প্রশাসন পরিদর্শনে
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: চার জেলার মধ্যস্থল হিসেবে কাটোয়া শহরের গুরুত্ব ক্রমশ বাড়ছে। শহরের মূল প্রবেশপথেই যোগাযোগে বাধা হয়ে দাঁড়িয়েছে রেলগেট। ওভারব্রিজ করার জন্য বুধবার রেলগেট পরিদর্শন করা হয়। পূর্ব বর্ধমান জেলার ভূমি অধিগ্রহণ দপ্তরকে নিয়ে রেল ও মহকুমা প্রশাসন জায়গা পরিদর্শন করে। কীভাবে ওভারব্রিজ গড়া যায়, তারজন্য নির্দিষ্ট জায়গা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। 
Advertisement
কাটোয়ার মহকুমা শাসক অহিনসা জৈন বলেন, আমরা যৌথভাবে জায়গা পরিদর্শন করেছি। সাংসদ ওভারব্রিজ করার জন্য রেলমন্ত্রকে প্রস্তাব পাঠিয়েছেন। সেইমতো এদিন ওই জায়গা দেখা হল। আমরা রিপোর্ট পাঠিয়ে দেব।
সারাদিনে বহুবার রেলগেট বন্ধ রাখতে হয়। কার্যত চব্বিশ ঘণ্টার মধ্যে প্রায় ১২ ঘণ্টা রেলগেট বন্ধ থাকছে। শহরে মূল প্রবেশপথেই চুড়ান্ত নাকাল হতে হচ্ছে বাসিন্দাদের। রেলগেটে যন্ত্রণা নিয়ে ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। প্রত্যেকের দাবি, দ্রুত ওভারব্রিজ করে দিক রেল। কয়েক মাস আগে বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার সংসদে প্রস্তাব তুলে ধরেন। পাশাপাশি তিনি রেলের ডিআরএমের সঙ্গে দেখা করে প্রস্তাব দেন। সাংসদ কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে নিয়ে জায়গাও পরিদর্শন করেছেন। কীভাবে ওভারব্রিজ গড়া হবে তা নিয়েই তোড়জোড় শুরু হয়েছে। 
এদিন মহকুমা প্রশাসনের পক্ষ থেকে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, ভূমি অধিগ্রহণ দপ্তরের অফিসার, রেলের দুই অফিসার, কাটোয়া পূর্তদপ্তরের অফিসার ও পুলিসকে নিয়ে যৌথভাবে পরিদর্শন করা হয়। মূলত নকশা অনুযায়ী কোন জায়গা দিয়ে ওভারব্রিজ করা হবে তা খতিয়ে দেখা হয়। এখন রেলগেট চত্বরে অনেকের বাড়ি রয়েছে। তাই স্বল্প জায়গায় কীভাবে ওভারব্রিজ করা হবে তা নিয়েই পরিকল্পনা চলছে।  ব্যান্ডেল-কাটোয়া শাখায় সারাদিনে ২১ জোড়া ট্রেন যাতায়াত করে। পাশাপাশি কাটোয়া-বর্ধমান, কাটোয়া-আহমদপুর, কাটোয়া-আজিমগঞ্জ শাখা নিয়ে মোট ৫৩ জোড়া ট্রেন যাতায়াত করে। এখন গোদের উপর বিষফোঁড়া হয়েছে মালগাড়ি পাশ করানো। রেলগেটেই জীবন থমকে যায়। কখন রেলগেট উঠবে তার অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের। শহরে ঢুকতে কার্যত ‘যুদ্ধ’ চালিয়ে যান বাসিন্দারা। অসুস্থ রোগীরা রেলগেটে অ্যাম্বুলেন্সে শুয়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন। তবুও যাওয়ার উপায় নেই। বছরের পর বছর ধরে প্রতিশ্রুতি দেওয়া হলেও রেলগেটে ফ্লাইওভার গড়ে ওঠেনি বলে অভিযোগ। এখন কাটোয়া-আজিমগঞ্জ শাখায় মালগাড়ির যাতায়াত বাড়ছে। রেলগেট দিয়ে পাশ করতে দীর্ঘক্ষণ সময় লেগে যায়। যারফলে রেলগেটে  ঠায় দাঁড়িয়ে থাকতে হয় বাসিন্দাদের। এর আগে কেন্দ্রের প্রাক্তন রেলমন্ত্রী রামবিলাস পাসোয়ান থেকে শুরু করে লালুপ্রসাদ যাদব, রাষ্ট্রমন্ত্রী অধীর চৌধুরী ওভারব্রিজের বিষয়ে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দাবি আজও পূরণ হয়নি। 
সম্পর্কিত সংবাদ