সংবাদদাতা, শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে নেমেছে যৌথবাহিনী। বেশ কয়েকদিন ধরেই উপত্যকায় গতিবিধি বেড়ে গিয়েছে জঙ্গিদের। সেই কারণেই বড়সড় অভিযানে নেমেছে জম্মু ও কাশ্মীর পুলিস এবং নিরাপত্তা বাহিনী। আজ, রবিবার সকালে জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারে জঙ্গিদের উপস্থিতির কথা জানতে পারে জম্মু ও কাশ্মীর পুলিস। খবর পেয়েই, নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে কিস্তওয়ারে পৌঁছন তাঁরা। তখনই তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে জঙ্গিরা। পাল্টা গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও। তিন থেকে চারজন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে বলে অনুমান জম্মু ও কাশ্মীর পুলিসের। ইতিমধ্যেই জঙ্গিদের গুলিতে জখম হয়েছেন নিরাপত্তা বাহিনীর দুই জওয়ান। সূত্রের খবর, কিস্তওয়ারে যে জঙ্গিরা লুকিয়ে রয়েছে তারাই কিছুদিন আগে দুই গ্রামবাসীকে খুন করেছিল। তাই এই জঙ্গিদের নিকেশ করতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। অপরদিকে, এদিন সকালে শ্রীনগরের ইশবার জঙ্গলে জঙ্গিদের উপস্থিতির খবর পায় জম্মু ও কাশ্মীর পুলিস। সেইমতো নিরাপত্তা বাহিনী ও পুলিস একসঙ্গে ওই এলাকায় পৌঁছয়। তাদেরকে দেখেই জঙ্গলের ভিতর থেকে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় যৌথবাহিনীও। ওই এলাকায় এখনও জারি রয়েছে গুলির লড়াই।



