সংবাদদাতা, রামপুরহাট: শারীরিক অসুস্থতার কারণে দলের রামপুরহাট ১ ব্লকের কাষ্ঠগড়া অঞ্চল সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন এলাকার বয়ান তৃণমূল নেতা তপন মণ্ডল। তবে পদ ছাড়লেও তিনি তৃণমূলেই রয়েছেন বলে জানিয়েছেন। মাস পাঁচেক আগেই পদ থেকে অব্যাহতি চেয়ে দলে আবেদন জানান প্রাক্তন এই সেনাকর্মী। শনিবার কাষ্ঠগড়া অঞ্চলের নেতাদের নিয়ে রামপুরহাটে বৈঠকে বসেন দলের জেলা চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর আবেদন গৃহীত হয়। আশিসবাবু বলেন, আপাতত ওই অঞ্চলের সাংগঠনিক কাজ পরিচালনার জন্য ফাইভ ম্যান কমিটি গঠন করে দেওয়া হল। যার যুগ্ম কনভেনর করা হয়েছে অঞ্চল কমিটিরই সদস্য শ্রীকুমার ঘোষ ও গোবিন্দ বাগদিকে।
Advertisement
ত্রিস্তর পঞ্চায়েতে রামপুরহাট ১ ব্লকের কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। ১৩ আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে বিজেপির ঝুলিতে আসে ৭টি আসন। তৃণমূল ও বাম কংগ্রেস জোট প্রার্থী পায় ৩টি করে আসন। একইভাবে এই অঞ্চলের ৩টি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে ২টি পায় বিজেপি, একটি তৃণমূল। জেলা পরিষদের আসনে ভোটের ক্ষেত্রে প্রায় ৩০০ ভোটে পিছিয়ে পড়ে শাসকদল। প্রধান হন বিজেপির মহিলা মোর্চার ব্লক সভানেত্রী পিঙ্কি মণ্ডল। কিন্তু কয়েকমাস যেতে না যেতেই প্রধান সহ তিন সদস্যা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। এরই মধ্যে শারীরিক অসুস্থতার কারণে অঞ্চল সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে দলকে চিঠি দেন বছর একাত্তরের তপনবাবু। তিনি এই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং এর আগেও অঞ্চল সভাপতি হিসাবে এলাকায় নেতৃত্ব দিয়েছেন তিনি। তপনবাবু বলেন, সুগার ও উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছি। ফলে দৌড়ঝাঁপ করে সংগঠন চালানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই পদ থেকে অব্যাহতি চেয়ে দলকে চিঠি দিয়েছিলাম। তবে পদ ছাড়লেও তৃণমূল ছাড়ছি না।



