নয়াদিল্লি: নিমুসুলাইড। এতদিন পর্যন্ত পশুপাখিদের নানা ব্যথা ও ক্ষতের উপশমে ব্যবহৃত হত এই ওষুধ। এবার সেই পেইন কিলারের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার। সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে, শকুনের উপর বিষাক্ত প্রভাব ফেলে এটি। গবেষকদের দাবি, বিলুপ্তপ্রায় শকুনের পাশাপাশি মানুষের জন্যও ক্ষতিকারক এই ওষুধ।
Advertisement
গবেষণাপত্রটি সামনে আসার পর সম্প্রতি সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। জানানো হয়, এখন থেকে নিমুসুলাইডের উৎপাদন, বণ্টন, বিক্রি ও ব্যবহার সমস্তকিছুই বন্ধ করা হল। সংস্থার আবেদন, চিকিৎসকদের যথাযথ পরামর্শ নিয়ে এই পেইনকিলারের বিকল্প ওষুধ ব্যবহার করতে হবে। ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা এক প্রজাতির শকুনের উপর অল্প মাত্রায় নিমুসুলাইড দিয়ে একটি পরীক্ষা শুরু করেন। ওষুধটির প্রভাবে কয়েকদিনের মধ্যেই শকুনের কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একাধিক শারীরিক সমস্যা দেয়। এমনকী শকুনের বংশবৃদ্ধিও হ্রাস পেতে শুরু করে।



