নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা, কৃষ্ণনগর: কৃষ্ণনগর পুলিস জেলার প্রতি থানা এলাকায় পালিত হল ‘ফিরে পাওয়া’ কর্মসূচি। যেখানে বহু মানুষকে তাঁদের মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়। সবমিলিয়ে প্রায় আড়াইশোর বেশি মোবাইল ফিরিয়ে দেওয়া হয়েছে। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়ায় খুশি মালিকরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সেই সমস্ত মোবাইল উদ্ধার করেছে পুলিস। কৃষ্ণনগর পুলিস জেলার এসপি অমরনাথ কে বলেন, ‘বিভিন্ন থানা এলাকায় বিশেষ কর্মসূচি করে মোবাইল মালিকদের হাতে তাঁদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়া হয়েছে। মোবাইল হারানোর অভিযোগ জমা পড়ার সঙ্গে সঙ্গে পুলিসের তরফ থেকে তার সন্ধানে নামা হয়, যাতে দ্রুত সেই মোবাইল উদ্ধার করা যায়।’ এদিন নাকাশিপাড়া থানার পুলিস ৫৪টি মোবাইল ফিরিয়ে দিয়েছে। আইসি বিশ্বজিৎ ঘোষ মালিকদের হাতে মোবাইল ফোন তুলে দেন। ২১টি মোবাইল ফিরিয়ে দিয়েছে চাপড়া থানার পুলিস। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইসি অনিন্দ্য মুখোপাধ্যায়। কালীগঞ্জ থানার পুলিস ৬২টি মোবাইল ফিরিয়ে দিয়েছে। মুরুটিয়া ৯টি, করিমপুর ১১টি, হোগলবেড়িয়া এবং থানারপাড়া থানা ৬টি করে মোবাইল ফিরিয়ে দিয়েছে। অন্যদিকে, তেহট্ট ও পলাশিপাড়া থানা থেকে হারিয়ে যাওয়া ৩৮টি মোবাইল বৃহস্পতিবার মালিকদের হাতে তুলে দেয় পুলিস। ফোন হাতে পেয়ে পুলিসকে ধন্যবাদ জানাচ্ছেন তাঁরা। পলাশিপাড়া থেকে ১৬ ও তেহট্ট থানা থেকে ২২টি মোবাইল ফেরত দেওয়া হয়। ফোন চুরি যাওয়ার পর জুলাই মাসের ২৬ তারিখ থানায় অভিযোগ করেন তেহট্টের গৃহবধূ মিতালী রায় চক্রবর্তী। তিনি বলেন, আমি ফোন ফেরত পাব ভাবিনি। আমি খুব খুশি। ধন্যবাদ জানাই পুলিসকে। এদিন নবদ্বীপ থানা প্রাঙ্গণে হারিয়ে যাওয়া ১০ জনের হাতে মোবাইল তুলে দেন নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারি। মায়াপুরের বাসিন্দা নির্মলা মজুমদার বলেন, আমার মোবাইলটা বামুনপুকুর বাজার থেকে হারিয়ে গিয়েছিল সেপ্টেম্বর মাসে। তারপর আমি মায়াপুর ফাঁড়িতে ডায়েরি করেছিলাম। আজ থানা থেকে ফেরত পেলাম।



