নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কৃষ্ণনগরে ১২ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে ধস নামল। রাস্তার নীচের মাটি সরে যাওয়াও বড়সড় গর্ত তৈরি হয়। বুধবার বেলার দিকে এই ঘটনা ঘটে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পিডব্লুডি মোড়ের কাছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। যার ফলে যানচলাচল বন্ধ করে দেওয়া হয় পুলিস প্রশাসনের তরফ থেকে। কৃষ্ণনগর থেকে বহরমপুরগামী রাস্তা গাড়ি অন্যত্র দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। তবে কতক্ষন সংশ্লিষ্ট রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ থাকবে তা চূড়ান্ত করা যায়নি। ধসের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তা মেরামতিতে নামে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কৃষ্ণনগর পুলিস জেলার ট্রাফিক ডিএসপি গৌতম ভট্টাচার্য বলেন, ‘জাতীয় সড়কের অ্যাপ্রোচ রোডটি ঝুলন্ত। রাস্তার নীচে জলা জমি রয়েছে। একটা ধসের ঘটনা ঘটেছে। তাই আমরা যান চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রেখেছি। জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি। যাতে তাঁরা রাস্তাটি দ্রুত সংস্কার করে। ততদিন ফ্লাইওভারটি ব্যবহার করা হবে।’ জাতীয় সড়ক কর্তৃপক্ষ দীনেশ সিং বলেন, ‘জাতীয় সড়কের অ্যাপ্রোচ রোডে উপর একটা গহ্বর তৈরি হয়েছে। কারণ নীচের মাটি সরে গেছে। বৃষ্টির সময় কোথাও হয়তো লিকেজ হয়েছিল। সংস্কারের কাজ আমরা ইতিমধ্যেই শুরু করেছি।’



