সংবাদদাতা, কৃষ্ণনগর: কৃষ্ণগঞ্জ থানার চৌগাছা তালপুকুর এলাকায় নাবালিকা ছাত্রীকে কুপিয়ে আত্মঘাতী হয়েছে এক যুবক। মঙ্গলবারের এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুবীর ঘোষ(২৯)। তাঁর বাড়ি ঘোষপাড়ায়। ওই নাবালিকা ছাত্রী বর্তমানে গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন পরই সুবীর ঘোষের এক যুবতীর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। সেই মতো ঘোষ বাড়িতে ব্যাপক ব্যস্ততা ছিল। এদিন চৌগাছা এলাকায় স্থানীয় এক স্কুল ছাত্রী সাইকেল নিয়ে প্রাইভেট টিউটরের কাছে পড়তে যাচ্ছিল। আচমকা সুবীর মাঠ থেকে হাঁসুয়া নিয়ে ছুটে আসে। নাবালিকার সামনে দাঁড়িয়ে সে কথা বলতে বলতে তার কাঁধে আঘাত করে। ওই ছাত্রী গুরুতর জখম হয়। ছাত্রীর চিৎকারে কয়েকজন ছুটে আসে। তাঁরা ছাত্রীকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। পরে বাড়ি থেকে কিছুটা দূরে মাঠে একটি গাছে সুবীরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিয়ের আগে সমস্ত প্রস্তুতি যখন শেষ পর্যায়ে সেই সময় এই যুবক কেন এধরনের ঘটনা ঘটাল তা কারও কাছে স্পষ্ট নয়। প্রণয়ঘটিত কোনও কারণ নাকি শত্রুতার জেরে এই ঘটনা তা স্পষ্ট নয়। যুবকের দাদা সুজিত ঘোষ বলেন, এলাকায় ওকে সবাই ভালোবাসে। খুব ভালো ছেলে বলে সকলে জানে। কিন্তু কেন এমন ঘটনা ঘটাল তা বলতে পারব না। এদিন মৃতদেহ ময়নাতদন্ত হয় শক্তিনগর জেলা হাসপাতালের মর্গে। এ নিয়ে কৃষ্ণনগরের অতিরিক্ত পুলিস সুপার মিত কুমার বলেন, ওই যুবক প্রতিবেশী নাবালিকাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। একইসঙ্গে তিনি আত্মহত্যা করেন। ঠিক কী কারণে এই ঘটনা আমরা তা খতিয়ে দেখছি। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর হাসপাতালে পাঠানো হয়েছে।



