Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, পরিবারের নিশানায় প্রেমিক, আত্মহত্যায় প্ররোচনায় অভিযোগ দায়ের

কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, পরিবারের নিশানায় প্রেমিক, আত্মহত্যায় প্ররোচনায় অভিযোগ দায়ের
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রেমের সম্পর্কে প্রতারণা। সেই অভিমানে আত্মঘাতী হল এক কিশোরী। মঙ্গলবার সকালে হরিদেবপুর থানা এলাকার কৈলাশ ঘোষ রোডের বাড়ি থেকে ওই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘর থেকে পাওয়া যায় একটি সুইসাইড নোটও। সেখানে নাবালিকা তার আত্মহত্যার জন্য প্রেমিককে দায়ী করেছেন। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেছে হরিদেবপুর থানার পুলিস। অভিযুক্ত প্রেমিক পলাতক। তার খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা। 
Advertisement
পুলিস সূত্রে খবর, নাবালিকার বয়স ১৭ বছর। একাদশ শ্রেণির ছাত্রী সে। বছরখানেক ধরে এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল ওই ছাত্রী। সম্প্রতি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ওই তরুণ। তার জেরে অবসাদে ভুগছিল নাবালিকা। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ ঘুম থেকে ওঠে নাবালিকার বোন। সে দেখে, ঘরের সিলিং থেকে ঝুলছে দিদি। এরপরেই পাশের ঘর থেকে বাবা-মাকে ডাকে। বাবা নিজেই সিলিং ফ্যান থেকে বড় মেয়েকে নামিয়ে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর পায় থানা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় হরিদেবপুর থানার পুলিস। প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত, আত্মঘাতী হয়েছে কিশোরী। এরপরেই ঘটনাস্থলে যায় থানার তদন্তকারীরা। সেখান থেকে উদ্ধার হয় সুইসাইড নোট। যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে পুলিস। যুগলের মধ্যে শেষ কবে ও কী কথাবার্তা হয়েছিল, তা জানতে দু’জনেরই কল ডিটেলস রেকর্ড দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার (সাউথ ওয়েস্ট ডিভিশন) রাহুল দে।
Advertisement
সম্পর্কিত সংবাদ