বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: কাশ্মীরে জওয়ানদের নিয়ে নিয়ন্ত্রণরেখা লাগোয়া পোস্টে যাওয়ার সময় গভীর খাদে পড়ে গেল সেনাবাহিনীর একটি গাড়ি। মঙ্গলবার সন্ধ্যায় পুঞ্চ জেলার বলনোই এলাকায় এই দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম আরও অন্তত পাঁচ জওয়ান। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, জওয়ানদের নিয়ে গাড়িটি নিলম হেডকোয়ার্টার্স থেকে বলনোই ঘোরা পোস্টে যাচ্ছিল। ঘোরা পোস্টের কাছে সেটি প্রায় ১৫০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ক্যুইক রিঅ্যাকশন টিম। শুরু হয় উদ্ধারকাজ। জখম অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে পাঁচ জনের আঘাত গুরুতর ছিল। পরে মৃত্যু হয় তাঁদের। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে মোট ১৮ জন জওয়ান ছিলেন বলে জানা দিয়েছে।



