Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কুশমণ্ডিতে ভারতীয় ভূখণ্ড থেকে এক কৃষককে তুলে নিয়ে গেল বিজিবি

কুশমণ্ডিতে ভারতীয় ভূখণ্ড থেকে এক কৃষককে তুলে নিয়ে গেল বিজিবি
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, গঙ্গারামপুর: সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দৌরাত্ম্য বাড়ছে। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডিতে কাঁটাতারের ওপারের ভারতীয় ভূখণ্ড থেকে বিজিবি এক কৃষককে তুলে নিয়ে গিয়েছে বলে গুরুতর অভিযোগ সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর নাম নারায়চন্দ্র রায় (৪৫)। বাড়ি কুশমণ্ডির মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের পূর্ব মোল্লাপাড়া গ্রামে। এদিন সকালে কুশমণ্ডির গ্যাংলার বিওপির ১৬৭ নম্বর গেট দিয়ে কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে কৃষিকাজ করতে গিয়েছিলেন স্থানীয় কৃষকরা। জিরো পয়েন্টে কৃষিকাজ করার সময় বিজিবি সীমান্তে উত্তেজনা তৈরির ফন্দি আটে। কৃষিকাজ করার সময় নারায়ণবাবুকে হঠাৎ আক্রমণ করে চ্যাংদোলা করে তুলে নিয়ে যায়। এমন ঘটনা চোখের সামনে দেখে কুশমণ্ডির স্থানীয় কৃষকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পৌঁছে যায় কুশমণ্ডি গ্যাংলার বিওপি’র জওয়ানদের কাছে। বিষয়টি নিয়ে তৎপর হয়ে ওঠে বিএসএফ। 
Advertisement
বিএসএফ জানতে পারে, বাংলাদেশের জয়পুরহাট জেলার ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর বিওপিতে বিজিবি ভারতীয় নাগরিককে আটকে রেখেছে। বর্তমান পরিস্থিতিতে হিলিতে কাঁটাতার দেওয়ার বিষয় হোক অথবা কুশমণ্ডিতে কৃষকরা ভারতীয় ভূখণ্ডে চাষাবাদ করুক, সবেতেই বাধা দেওয়া শুরু করেছে বিজিবি। ওপার থেকে একের পর এক অশান্তির পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালাচ্ছে তারা। ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে নিয়ে আসতে বিজিবি’র সঙ্গে দফায় দফায় বৈঠক করছে বিএসএফ। সীমান্তে বিজিবি’র এমন অত্যাচার দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন কুশমণ্ডির কৃষকরা। কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে কি আর চাষাবাদ করা যাবে না? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে স্থানীয় কৃষকদের মধ্যে। 
কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ভীষণ উদ্বেগের বিষয়। আমার জেলা থেকে ভারতীয় নাগরিককে তুলে নিয়ে যাবে বিজিবি, এতবড় সাহস! আমি বিষয়টি নিয়ে দিল্লিতে কথা বলছি। 
সেই সঙ্গে বিএসফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। ভারতীয় নাগরিককে ফেরত না পাঠালে ভারত চুড়ি পরে বসে থাকবে না। সীমান্তে অত্যাচার চালাচ্ছে বিজিবি। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতি তৃণমূল কংগ্রেসের অম্বরীষ সরকার বলেন, আমার এলাকার ঘটনা। আমি শুনেই অবাক হয়েছি বাংলাদেশের দুঃসাহস দেখে। বর্তমান সময়ে অশান্তির পরিবেশ তৈরি করছে বিজিবি। ভারতীয় নাগরিকদের সুরক্ষা দেওয়া বিএসএফের দায়িত্ব। দিল্লি কী করছে! ভারতীয় নাগরিককে সসম্মানে ফেরত না পাঠালে আমরা রাজ্য সরকারের মাধ্যমে বিষয়টি দিল্লিতে জানাব।    
Advertisement
সম্পর্কিত সংবাদ