Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কুশমণ্ডি কর্মতীর্থের স্টল বণ্টনে মার্চে লটারি করবে প্রশাসন

কুশমণ্ডি কর্মতীর্থের স্টল বণ্টনে মার্চে লটারি করবে প্রশাসন
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, গঙ্গারামপুর: স্টল বণ্টনের আবেদন সংগ্রহ করা হয়েছে এক বছর আগে। অথচ কুশমণ্ডি কর্মতীর্থ ভবনের স্টল উপভোক্তাদের হাতে সপে দিতে পারল না প্রশাসন। তা নিয়ে ক্ষোভ দানা বেঁধেছে স্থানীয় যুবকদের মনে। 
Advertisement
বেকার যুবকদের কর্মমুখী করতে কুশমণ্ডির পূর্তদপ্তরের জমিতে ২০১৮ সালে কর্মতীর্থ মার্কেট কমপ্লেক্সের কাজ শুরু হয়। সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের প্রায় ২ কোটি টাকা আর্থিক বরাদ্দে জেলা পূর্তদপ্তর (সোশ্যাল ) ভবন নির্মাণের কাজ শুরু করে। মাঝপথে বন্ধ হলেও ২০২২ সালে কাজ শুরু হয়। দু’বছরের বেশি সময় ধরে ভবন নির্মাণ হয়ে পড়ে থাকলেও এতদিনেও উদ্বোধন করতে পারেনি প্রশাসন। 
২০২৪ সালের জানুয়ারিতে কর্মতীর্থের স্টল বণ্টনের জন্য আবেদনপত্র জমা নেয় জেলা সংখ্যালঘু উন্নয়ন দপ্তর ও কুশমণ্ডি ব্লক প্রশাসন। প্রায় একবছরের বেশি সময় পেরিয়ে গেলেও কোনপথে উপভোক্তাদের স্টল বণ্টন করা হবে সেই সিদ্ধান্ত নিতেই সময় পেরিয়ে যায়। স্থানীয় বেকার যুবকদের অভিযোগ, জেলা প্রশাসনের উদাসীনতায় সরকারি সম্পত্তি পড়ে রয়েছে। ব্লক প্রশাসন সূত্রে খবর, কর্মতীর্থ ভবনে ৪০টি স্টল রয়েছে। তারমধ্যে ৪টি স্টল রিজার্ভ রাখা হয়েছে। ৩৬টি স্টল বণ্টন করা হবে। ব্লকের প্রায় ৩০৫জন উপভোক্তা কর্মতীর্থ ভবনের স্টল নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। জেলা সংখ্যালঘু দপ্তরের আধিকারিক অতনু মণ্ডল বলেন, ভবন তৈরির পরে দপ্তর হস্তান্তর হয়ে ভবনটির দায়িত্ব ব্লক প্রশাসনের হাতে এসেছে। তারপরই ব্লক প্রশাসন কর্মতীর্থের স্টল বণ্টেনের জন্য আবেদনপত্র জমা নেয়। সেই আবেদনপত্র স্কুটনি করতে এক বছরের বেশি সময় লেগেছে। আমরা ৫ মার্চ লটারির মাধ্যমে কর্মতীর্থের স্টল বণ্টনের সিদ্ধান্ত নিয়েছি। তারপরই উদ্বোধনের দিনক্ষণ ঠিক করা হবে। 
কুশমণ্ডি ব্লকের কর্মতীর্থে স্টলের জন্য এক আবেদনকারী বলেন, যেসব বেকার যুবক যুবতী ব্যবসা করছে, প্রাথমিকভাবে বড় পরিসরে স্বাবলম্বী হতে চান, সেভাবেই সঠিক উপভোক্তাদের স্টল দেওয়া হোক। স্টল বিতরণে যদি লটারি হয়, তবে যাদের সত্যি স্টল দরকার তারা নাও পেতে পারেন। সুষ্ঠভাবেই স্টল বণ্টন হওয়া দরকার।
Advertisement
সম্পর্কিত সংবাদ