অনেকটা সময় নিয়ে সিনেমা করেন অনুরাগ বসু। তাড়াহুড়ো করে শ্যুটিং শেষ করা তাঁর অভ্যেস নয়। তবে অনুরাগ কী ছবি করছেন, তা নিয়ে চর্চা চলে ইন্ডাস্ট্রিতে। কার্তিক আরিয়ানকে নিয়ে একটি ছবি করার কথা গত বছরই জানিয়েছিলেন পরিচালক। কিন্তু শ্যুটিং কবে থেকে, তার কোনও হদিশ দেননি। জানা গিয়েছে, সে ছবির শ্যুটিং শুরু হবে চলতি বছরই। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুরাগ বলেন, ‘এখনও কার্তিককে নিয়ে শ্যুটিং শুরু করিনি। আশা করি পরের মাস থেকে শ্যুটিং শুরু করতে পারব।’ বলিউডে রোমান্টিক হিরো হিসেবে কার্তিকের একটা নিজস্ব জায়গা তৈরি হয়েছে। অনুরাগের ছবিটিও রোমান্টিক ঘরানার। কিন্তু তার মধ্যেও কার্তিকে ভিন্ন ভাবে পরিচালক ভেবেছেন বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির বড় অংশ। সূত্রের খবর, এই ছবিতে কার্তিকের বিপরীতে থাকতে পারেন তৃপ্তি দিমরি। অনুরাগ এতদিন যে ধরনের ছবি উপহার দিয়েছেন, তাতে তাঁর কাছে প্রত্যাশা বেশিই থাকে। এবারও চমকের অপেক্ষায় দর্শক।



