সংবাদদাতা, আলিপুরদুয়ার: মাদারিহাটের ব্যবসার ট্রানজিট পয়েন্ট বীরপাড়া। রবিবার সাপ্তাহিক হাটের দিন বীরপাড়ার বড়বাজারের দোকানদাররা হরতালের ডাক দিয়েছিলেন। কিন্তু ব্যবসায়ীদের হরতালের কারণ অবাক করার মতো!
Advertisement
বীরপাড়ার বড়বাজারে ৬৫টি দোকান। অধিকাংশই কাপড়ের। বাজারে ঢোকার দক্ষিণ দিকের গলির নাম পাতলি গলি। ওই গলিতে ঢোকার মুখে প্রথম তিনটি দোকানের মালিক ও কর্মচারীরা ক্রেতা দেখলেই সারাক্ষণ চিৎকার করে ‘আও আও’ বলে হাঁক দেন। ফলে ইদানিং ওই গলির নাম হয়ে গিয়েছে ‘আও আও’ গলি। কিন্তু তিনটি দোকানের মালিক কর্মচারীদের ক্রেতা দেখলেই এই আও আও চিৎকারে বাকি দোকানগুলির মাছি তাড়ানোর অবস্থা হয়েছে বলে অভিযোগ। ক্রেতা না মেলায় গলির বাকি দোকানদাররা ক্ষুব্ধ। তারই প্রতিবাদে বাজারের বাকি ব্যসায়ীরা এদিন এই হরতালের ডাক দেন। বীরপাড়ার বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কৃষ্ণগোপাল রাঠি বলেন, ক্রেতা দেখলেই ওই তিনটি দোকানের মালিক কর্মচারীরা চিৎকার করেন। ফলে বাকি দোকাদারদের লোকসানের মুখ দেখতে হচ্ছে। তাই বাধ্য হয়ে এই হরতালের ডাক। যদিও তিনটি দোকানের মধ্যে একটি দোকানের ব্যবসায়ী গোপাল আগরওয়াল বলেন, ক্রেতা ধরার মধ্যে তো কোন অন্যায় দেখি না। ফলে আমি মনে করি এই অভিযোগ ঠিক নয়। শেষ পর্যন্ত বিকেলে বীরপাড়া থানার ওসি নয়ন দাসের মধ্যস্থতায় হরতাল তুলে নেন ব্যবসায়ীরা। ওসি বলেন, হরতাল উঠে গিয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।



