ছবির ক্লাইম্যাক্স নিয়ে দর্শকের আগ্রহ থাকে। কিন্তু কোনও কোনও ছবি ঘোষণা পর্ব থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে থাকে। আমির খানের ‘সিতারে জামিন পার’ তেমনই একটি ছবি। ‘তারে জামিন পার’-এর সিক্যুয়েল হিসেবে এই ছবির কথা ঘোষণার পর থেকেই দর্শকের অপেক্ষা শুরু হয়েছে। সদ্য সেই ছবির ক্লাইম্যাক্স নিয়ে প্রকাশ্যে কথা বললেন আমির। তিনি জানান, গুজরাতের ভদোদরায় এই ছবির ক্লাইম্যাক্সের শ্যুটিং করেছেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে সেখানে গিয়ে আমির বলেন, ‘আমি সম্ভবত ১২ বছর বয়সে প্রথম ভদোদরায় এসেছিলাম। এখন অনেক পরিবর্তন হয়েছে। ‘সিতারে জামিন পার’-এর গুরুত্বপূর্ণ অংশের শ্যুটিং আমরা এখানেই করেছি। আশা করছি এবছর ক্রিসমাসের সময় রিলিজ করতে পারব।’



