সংবাদদাতা, দিনহাটা: সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে সীমান্তে জারি রয়েছে হাইএলার্ট। দিনহাটার কুর্শাহাট আন্তর্জাতিক সীমান্তে দায়িত্বে রয়েছেন মহিলা বিএসএফ আধিকারিক। ৯০ নম্বর ব্যাটালিয়নের কুর্শাহাটে অবস্থিত কোম্পানিকে নেতৃত্ব দিচ্ছেন কল্পনা গজরাজ। ইন্সপেক্টর র্যাঙ্কের এই মহিলা আধিকারিকের নেতৃত্বেই আজ রবিবার সাধারণতন্ত্র দিবসে সামলানো হবে সীমান্ত। রাজস্থানে বাড়ি তাঁর। ২০১৪ সালে সাব ইন্সপেক্টর হিসেবে বিএসএফে যোগদান করেন। সেই সময়ে প্লাটুনের দায়িত্বে ছিলেন তিনি। ২০২৪ সালে বড় দায়িত্ব পান। ইন্সপেক্টর পদে পদোন্নতি হওয়ার পরে কোম্পানি কমান্ডারের দায়িত্ব মেলে তাঁর। মে মাস থেকে সীমান্ত কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সাধারণতন্ত্র দিবসেও তাঁরই উপর ভরসা করছে ৯০ নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বিজয় কুমার।



