Bartaman Logo
১০ জুন, ২০২৬

ক্রস ভোটিং, চণ্ডীগড়ের মেয়র পদ বিজেপির দখলে

ক্রস ভোটিং, চণ্ডীগড়ের মেয়র পদ বিজেপির দখলে
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
চণ্ডীগড়: বিজেপির হয়ে কারচুপি করার অভিযোগ উঠেছিল স্বয়ং প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। তা নিয়ে বিতর্ক ও কোর্ট-কাছারি কম হয়নি। সেই ভোটপ্রক্রিয়া বাতিল করে নিরপেক্ষ প্রিসাইডিং অফিসার নিয়োগ করেছিল সুপ্রিম কোর্ট। ছিলেন আদালত নিযুক্ত অবজার্ভার। তবে তাতে এড়ানো গেল না ক্রস ভোটিং। তার জেরেই হাতে প্রয়োজনীয় সংখ্যা থাকা সত্ত্বেও ধাক্কা খেল আপ-কংগ্রেস জোট। চণ্ডীগড়ের মেয়র পদ দখল করে নিল বিজেপি। গেরুয়া শিবিরের প্রার্থী হরপ্রীত কাউর বাবলা নতুন মেয়র নির্বাচিত হলেন। তিনি পেলেন ১৯টি ভোট। বিরোধী শিবির থেকে কংগ্রেসের সমর্থন থাকা আপ প্রার্থী প্রেমলতা পেলেন ১৭টি ভোট। যদিও সিনিয়র ডেপুটি মেয়র ও ডেপুটি মেয়র পদের ভোটে ঠিক উল্টো ফল। এই দুই পদেই আপের সমর্থনে জিতলেন কংগ্রেস প্রার্থীরা। এক্ষেত্রে জোট প্রার্থীদের ঝুলিতে পড়ল ১৯টি করে ভোট। পরাজিত বিজেপির প্রার্থীরা পেলেন ১৭টি করে ভোট।
Advertisement
চণ্ডীগড় কর্পোরেশনে ৩৫ জন নির্বাচিত কাউন্সিলার রয়েছেন। সেই সঙ্গেই মেয়র পদের নির্বাচনে ভোট দেওয়ার ক্ষমতা রয়েছে চণ্ডীগড়ের সাংসদের। বৃহস্পতিবার চণ্ডীগড় কর্পোরেশনের অ্যাসেম্বলি হলে বেলা ১১টা ২০ মিনিটে গোপন ব্যালটে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় দুপুর ১২টা ১৯ মিনিটে। ভোটগ্রহণের আগে পর্যন্ত যা দলীয় বিন্যাস ছিল, তাতে আপের ১৩ জন, কংগ্রেসের ৬ জন ও বিজেপির ১৬ জন কাউন্সিলার ছিল। এছাড়া বর্তমান সাংসদ হলেন কংগ্রেসের। ফলে অঙ্কের হিসেবে বিজেপির থেকে ২০-১৬ ভোটের ব্যবধানে এগিয়ে ছিল আপ-কংগ্রেস জোট। যদিও ফলপ্রকাশের পর দেখা যাচ্ছে, দুই ডেপুটি মেয়র পদে জোট শিবির থেকে কংগ্রেস জয়ী হলেও মেয়র পদে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। হাতে প্রয়োজনীয় সংখ্যা থাকা সত্ত্বেও এক্ষেত্রে ক্রস ভোটিংয়ের জেরেই যে আপ প্রার্থীকে হারতে হল, তা দিনের আলোর মতোই স্পষ্ট।   
Advertisement
সম্পর্কিত সংবাদ