Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কর্মিসভার ব্যানারে ব্রাত্য রবি, জ্বলজ্বল করছে উদয়ন, জগদীশের ছবি

কর্মিসভার ব্যানারে ব্রাত্য রবি, জ্বলজ্বল করছে উদয়ন, জগদীশের ছবি
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তুফানগঞ্জ: নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বলরামপুর হাইস্কুলের মাঠে তৃণমূলের বিধানসভা ভিত্তিক কর্মিসভা হবে ২৫ জানুয়ারি। ইতিমধ্যেই তার তোড়জোড় শুরু হয়েছে। প্রচারের ব্যানারে রয়েছে জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার ছবি। অথচ রাখা হয়নি রবীন্দ্রনাথ ঘোষের নাম ছবি। ফলে কর্মিসভা নিয়েও ফের কোচবিহারের তৃণমূলে দ্বন্দ্ব প্রকাশ্যে।
Advertisement
প্রাক্তন মন্ত্রী রবি ঘোষ দলের রাজ্য সহ সভাপতি। এই বিধানসভা কেন্দ্র থেকে ২০১১ এবং ২০১৬ সালে জয়ী হয়ে পরপর দু’বার বিধায়ক ও একবার রাজ্যের মন্ত্রী হন তিনি। ২১-এর নির্বাচনে এই কেন্দ্রে বিজেপির কাছে তিনি পরাজিত হন। আগামী বিধানসভা নির্বাচনের আগে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় কিছুটা অস্বস্তিতে শাসকদল। দলের নিচুতলার কর্মীদের একাংশের মতে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র হাতের তালুর মত চেনেন রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর হাত ধরেই একদিন দল কোচবিহারে শক্ত ভিতের উপর দাঁড়িয়েছিল। অথচ সভার প্রচারে নেই তাঁরই ছবি। যেন তাঁকে এই সভা থেকে দূরে রাখা হচ্ছে, এমনই বোঝানোর চেষ্টা।
এ ব্যাপারে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, পঞ্চাশ বছরের বেশি সময় ধরে  রাজনীতিতে যুক্ত রয়েছি। এই কেন্দ্র থেকে পরপর দুবার জিতে বিধায়ক হয়েছি। অথচ ব্যানারে আমার নাম, ছবি কিছুই নেই। আমাকে আমন্ত্রণ জানানো হয়নি। অত্যন্ত দুর্ভাগ্যজনক। জেলা চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মন বলেন, এ ব্যাপারে মন্তব্য করব না। যা বলার জেলা নেতৃত্ব বলবে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ