Bartaman Logo
২৭ মে, ২০২৬

কেরলে বেপরোয়া গতির বলি পাঁচ ডাক্তারি পড়ুয়া, জখম ২

কেরলে বেপরোয়া গতির বলি পাঁচ ডাক্তারি পড়ুয়া, জখম ২
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
তিরুবনন্তপুরম: প্রতিদিনের মতো সোমবারও বাবা-মায়ের সঙ্গে কথা বলেছিলেন। হস্টলের রুমে বন্ধুদের সঙ্গে আড্ডাও দিয়েছিলেন ডাক্তারির ছাত্র দেবানন্দ। পরে রাতের দিকে সবশেষ। কেরলে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দেবানন্দ সহ পাঁচ ডাক্তারি পড়ুয়ার। দু’জন গুরুতর জখম। সোমবার রাত সাড়ে ৯টা আলাপ্পুঝার রাস্তার ঘটনা। একটি সরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় পড়ুয়াদের গাড়ির। বেপরোয়া গতির কারণে সংঘর্ষের পর পড়ুয়াদের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। মৃত্যু হয় গাড়ির আরোহী পাঁচ এমবিবিএস পড়ুয়ার। নিহতরা হলেন, মহম্মদ আব্দুল জব্বার,  ইব্রাহিম, দেবানন্দ, আয়ূষ সাজি এবং শ্রীদীপ। জখম দুই পড়ুয়া হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার জেরে চারজন বাসযাত্রীও সামান্য জখম হয়েছেন। পড়ুয়ারা রাতে গাড়ি করে কোথায় গিয়েছিলেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পড়ুয়াদের গাড়িটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়েই ঘটে বিপত্তি। গাড়ির গতি বেশি থাকায় সামনের দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এদিন মৃত পড়ুয়াদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান।
Advertisement
সম্পর্কিত সংবাদ