সংবাদদাতা, জঙ্গিপুর: বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পরের দিন কোনওরকম ঘোষণা ছাড়াই স্কুল ছুটি দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ফলে বৃহস্পতিবার সূতির শচীনন্দন হাইস্কুলের বেশ কয়েকজন সহ শিক্ষিকা ও ছাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষার পর ফিরে যেতে হয়। তাতে শিক্ষিকারা ক্ষোভ প্রকাশ করেন। জানা গিয়েছে, এদিন সকালে প্রায় ৫০ জন ছাত্রী ও পাঁচ শিক্ষিকা নির্দিষ্ট সময়ে স্কুলে আসেন। তাঁরা গেটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন স্কুলগেট খোলার। কিন্তু, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও স্কুলের প্রধান গেট খোলা হয়নি। প্রধান শিক্ষিকাকে ফোন করলেও তিনি ফোন ধরেননি বলে শিক্ষিকাদের দাবি। আগাম নোটিস না দিয়ে কেন স্কুল বন্ধ রাখা হল, তা নিয়েই তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। স্কুলের প্যারাটিচার মোনালিসা দাস বলেন, পাঁচজন শিক্ষিকা ও প্রায় ৫০ জন ছাত্রী এদিন নির্দিষ্ট সময়েই স্কুলে আসে। প্রধান শিক্ষিকা আগাম ছুটির নোটিস তো দূর, গ্রুপে একটা মেসেজ পর্যন্ত করেননি। আমরা প্রশাসনকে জানিয়েছি। প্রধান শিক্ষিকা পূর্ণিমা মাহাত বলেন, বুধবার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষে মাঠেই ছুটি ঘোষণা করা হয়। শিক্ষিকারা দায়িত্ব পালন না করেই খেলা শেষ হওয়ার আগে বাড়ি চলে যান। ছুটির বিষয়টি কিছু ছাত্রীর অজানা ছিল। ফলে তারা এসেছে। জঙ্গিপুর মহকুমার সহকারী বিদ্যালয় পরিদর্শক সন্দীপ কোঁড়া বলেন, ওই স্কুলে আগে থেকে প্রধান শিক্ষিকা ও সহকারী শিক্ষিকাদের মধ্যে একটা সমস্যা রয়েছে বলে জেনেছি। তবে এবিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। বিষয়টি খোঁজ নেব।



