Bartaman Logo
২৭ মে, ২০২৬

ক্রয় ক্ষমতা বাড়ানো দরকার, মানলেন নির্মলা

ক্রয় ক্ষমতা বাড়ানো দরকার, মানলেন নির্মলা
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মানুষের ক্রয়ক্ষমতা যে কমেছে এবং সেই প্রবণতার নেতিবাচক প্রভাব অর্থনীতিতে পড়ছে। স্বীকার করে নিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি শুক্রবার বলেছেন, ক্রয় ক্ষমতা ও কেনার প্রবণতা বাড়াতে হবে। তবে যেটা উদ্বেগজনক সেটা হল, বেতন ও মজুরির শ্লথগতি। হয় বেতন যথাযথ বাড়ছে না। অথবা বেতন থমক আছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এই সমস্যার কথা স্বীকার করলেও, অর্থনীতি যে কিছুটা নিরাশজনক বার্তা দিচ্ছে সেটা অর্থমন্ত্রী মানতে নারাজ। 
Advertisement
বৃহস্পতিবার জিডিপি নিয়ে উদ্বেগের কিছু নেই বলেছিলেন সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অনন্ত নাগেশ্বরণ। ২৪ ঘণ্টার মধ্যে সেই একই কথা বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুক্রবার অর্থমন্ত্রী বলেছেন, এই জিডিপি বৃদ্ধিহার যে নির্দিষ্ট প্রবণতার সাক্ষ্য বহন করছে এমন নয়। এটা হঠাৎ কয়েকটি ফ্যাক্টরের কারণে হয়েছে। কিন্তু আমি মনে করছি, তৃতীয় ত্রৈমাসিকেই আবার অন্য চিত্র দেখা যাবে। পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান এ কে সিং এর সঙ্গে এক আলোচনাসভায় অর্থমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি বলেছেন, দ্বিতীয় ত্রৈমাসিকের যে পরিসংখ্যান এসেছে, সেটাকে নিয়ম হিসেবে ধরা ঠিক হবে না। এই পরিসংখ্যান অর্থনীতির সার্বিক চিত্র নয় বলেই মনে করেন অর্থমন্ত্রী। তিনি আশা প্রকাশ করে বলেছেন, এই আর্থিক বছর এবং আগামী আর্থিক বছর অর্থনীতিতে অনেক বড়সড় আলো দেখাবে। 
সম্পর্কিত সংবাদ