Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কার ঘাড়ে শাস্তির খাঁড়া? অভিষেকের রিপোর্ট জমা পড়তেই শোরগোল তৃণমূলে

কার ঘাড়ে শাস্তির খাঁড়া? অভিষেকের রিপোর্ট জমা পড়তেই শোরগোল তৃণমূলে
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাংগঠনিক ও জনপ্রতিনিধি স্তরে রদবদল সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সূত্রের খবর, সেই রিপোর্টের ভিত্তিতে বেশ কিছু পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের উপর শাস্তির খাঁড়া নেমে আসতে পারে। এই খবর কানাকানি হতেই বারাকপুর শিল্পাঞ্চলজুড়ে রাজনীতির ময়দানে শোরগোল পড়ে গিয়েছে। গত লোকসভা ভোটের ফলাফলে যেসব পুরসভায় তৃণমূল পিছিয়ে ছিল, সেখানে উল্লেখযোগ্য রদবদল হতে পারে বলে বৃহস্পতিবার রাত থেকে চউের হয়ে যায়। শুধু চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান নন, কাউন্সিলার এবং সাংগঠনিক পদাধিকারীদেরও পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। 
Advertisement
তাপস রায় বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে তৃণমূলের দমদম-বারাকপুর সাংগঠনিক সভাপতি পদে কাউকে বসানো হয়নি। কোনও পদে না থাকলেও বকলমে সেই দায়িত্ব পালন করছেন নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক। ওই পদে আনুষ্ঠানিকভাবে কারও নাম ঘোষণা হয় কি না, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। লোকসভা নির্বাচনে ভাটপাড়া ও টিটাগড় পুরসভায় পিছিয়ে ছিল তৃণমূল। এমনকী, টিটাগড় পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউয়ের ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে রয়েছে। সম্প্রতি ওই পুরসভার কাউন্সিলারদের সঙ্গে বৈঠকেও বসেছিলেন পার্থ ভৌমিক এবং বিধায়ক রাজ চক্রবর্তী। অর্থাৎ, পুরসভার ক্ষমতাকেন্দ্রে নানা যোগ-বিয়োগ চলছেই। ভাটপাড়া পুরসভায়ও একাধিক রদবদলের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না স্থানীয় তৃণমূল। সম্ভাব্য এই রদবদল নিয়ে পার্থ ভৌমিক অবশ্য দাবি করেছেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না। দলনেত্রী যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। তিনি যে দায়িত্ব দিয়েছেন, এতদিন তা অক্ষরে অক্ষরে পালন করেছি। ভবিষ্যতেও সেটাই করব।’ 
সম্পর্কিত সংবাদ