Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কাফেতে সময় কাটানোর পর মদ্যপানের ‘প্ল্যান’ করে যুগল, অশোকনগরে গণধর্ষণ কাণ্ডে নয়া তথ্য পেল পুলিস

কাফেতে সময় কাটানোর পর মদ্যপানের ‘প্ল্যান’ করে যুগল, অশোকনগরে গণধর্ষণ কাণ্ডে নয়া তথ্য পেল পুলিস
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: বৃহস্পতিবার বিকেলে কিশোর প্রেমিকের ডাকে বাড়ি থেকে বের হয়েছিল কিশোরী। দু’জনে বিভিন্ন জায়গায় ঘুরে একটি ক্যাফেতে ঢুকে কফি খায়। সেখানে সিদ্ধান্ত হয়, শীতে দু’জনে বসে মদ্যপান করবে। প্রেমিক সেই মতো প্রেমিকাকে নিয়ে যায় মদের দোকানে। লোকলজ্জার কারণে প্রেমিকাকে একটু আড়ালে রাখে। মদ কেনার পর দু’জনে চলে আসে অশোকনগর ১৩ নম্বর ওয়ার্ডের একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে। জায়গাটি অন্ধকারাচ্ছন্ন। পিছনের অংশের একটি টিন সরিয়ে ভিতরে ঢুকেছিল তারা। এরপর বসে মদ্যপান করে। খানিক্ষণ পর দু’জনই বেসামাল। প্রেমিক কোনওক্রমে ফোন করে তার এক বন্ধু ও পরিচিত মিহির বিশ্বাসকে আসতে বলে। অভিযোগ, তারা আসার পর মদ্যপান করে বেঁহুশ অবস্থায় থাকা নাবালিকাকে ধর্ষণ করে প্রেমিক সহ তিনজন। বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি ফেরার পর পরিবারের জেরার মুখে পড়ে ঘটনার কথা স্বীকার করে ওই কিশোরী। এরপর অশোকনগর থানায় অভিযোগ দায়ের হয়। এই গণধর্ষণকাণ্ডে ধৃত দুই নাবালককে শনিবার তোলা হয়েছিল বিধাননগরের জুভেনাইল আদালতে। কোর্টের নির্দেশে তাদের হোমে পাঠানো হয়েছে। আর এক অভিযুক্ত মিহির বিশ্বাসকে(২৩) বারাসত আদালতে তোলা হলে চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃতকে জেরা করে এই ঘটনায় আরও কিছু তথ্য জানার চেষ্টা করছে অশোকনগর থানার পুলিস। নাবালিকার মেডিকেল পরীক্ষা সহ আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। নির্যাতিতা বর্তমানে বাড়িতেই আছে। অশোকনগরের বাসিন্দা বছর ষোলর ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ১৭ বছরের ওই কিশোরের। তাদের বাড়ি একই এলাকায়। এই সম্পর্ক সকলেরই কমবেশি জানা ছিল। কিন্তু বৃহস্পতিবারের রাতের ঘটনার পর লজ্জায় মুখ ঢাকছে দুই পরিবার।
Advertisement
সম্পর্কিত সংবাদ