Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কন্টেনারবাহী গাড়ির ধাক্কায় মৃত বাইকচালক, সঙ্কটজনক আরোহী

কন্টেনারবাহী গাড়ির ধাক্কায় মৃত বাইকচালক, সঙ্কটজনক আরোহী
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মধ্যরাতে ফের পথ দুর্ঘটনা। হেলমেটবিহীন বাইকচালকের মৃত্যু হল খিদিরপুরে। অন্যদিকে, রুবি মোড়ের কাছে ডাম্পারের ধাক্কায় মারা গেলেন এক সাইকেল আরোহী। ২৪ ঘণ্টার মধ্যে শহরের দু’প্রান্তে পথ দুর্ঘটনায় জোড়া প্রাণহানির ঘটনা চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে পথ নিরাপত্তাকে।
Advertisement
রবিবার মধ্যরাতে ওয়াটগঞ্জ থানা এলাকার খিদিরপুরে দুর্ঘটনাটি ঘটে। কার্ল মার্কস সরণির উপর একটি কন্টেনারবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক বাইকচালকের। মৃতের নাম মহম্মদ শাহনওয়াজ (৪৫)। চালকের পিছনের আসনে ছিলেন তাঁর কাকা মেহমুদ আলম (৫২)। তিনি আশঙ্কাজনক অবস্থায় এস এস কে এম হাসপাতালে ভর্তি। পুলিস সূত্রে খবর, রবিবার রাত ২টো নাগাদ একবালপুরে কাকার বাড়ি থেকে ফিরছিলেন মহম্মদ শাহনওয়াজ। দু’জনের কারও মাথাতেই হেলমেট ছিল না। একবালপুরের ভিতরের রাস্তা দিয়ে বেরিয়ে কার্ল মার্কস সরণিতে ওঠেন তাঁরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেখানে সিগন্যাল ভেঙে বন্দরের দিকে যাচ্ছিল একটি কন্টেনার। সেটি ওই বাইকে সরাসরি ধাক্কা মারে। ছিটকে পড়েন চালক ও আরোহী। চালকের শরীরের উপর দিয়ে চলে যায় কন্টেনারের চাকা। এরপর পণ্যবাহী গাড়ি ফেলে চম্পট দেয় চালক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিদ্যাসাগর ট্রাফিক গার্ড ও ওয়াটগঞ্জ থানার পুলিস।
অন্যদিকে, সোমবার রাতে ইএম বাইপাসে পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে। ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছে এক সাইকেল চালকের। মৃতের নাম অশোককুমার দাস (৫৫)। এদিন রাত ৮টা নাগাদ রুবি মোড়ে দুর্ঘটনাটি ঘটে। তিনি কর্মক্ষেত্র থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। মুখোমুখি তাঁকে ধাক্কা মারে ডাম্পারটি। পড়ে গেলে তাঁকে পিষে চলে যায় ডাম্পারের চাকা। ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে কসবা থানার পুলিস। রাতেই ওই ডাম্পারের চালককে পাকড়াও করেন তদন্তকারীরা। আটক করা হয়েছে ডাম্পারটিকে।
সম্পর্কিত সংবাদ