নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক তরুণীর। মঙ্গলবার দুপুরে হুগলির কোন্নগরের ইন্দিরা গান্ধী রোডে এই ঘটনা ঘটেছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম দীপাঞ্জনা গোস্বামী (১৯)। তিনি চারতলার ছাদ থেকে পড়ে গিয়েছেন, নাকি ঝাঁপ দিয়েছেন, তা স্পষ্ট নয়। জানা গিয়েছে, দীপাঞ্জনার সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি দু’জনের মধ্যে বিয়ে নিয়ে টানাপোড়েন শুরু হয়। তারই মধ্যে এদিন এই ঘটনা ঘটে। উত্তরপাড়া থানার পুলিস জানিয়েছে, কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। দীপাঞ্জনা একবছর আগে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন। মনোবিজ্ঞান নিয়ে পড়ার জন্য ভালো কলেজে ভর্তির চেষ্টা চালাচ্ছিলেন।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিন দুপুরে বাড়ির পোষ্য পাখি নিয়ে ছাদে গিয়েছিলেন দীপাঞ্জনা। সেখানে তিনি ছাদের রেলিংয়ে বসে ফোনে কথা বলছিলেন। আচমকা তিনি বাড়ির সামনের রাস্তায় পড়ে যান। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলেও শেষ অবধি বাঁচানো যায়নি। এ নিয়ে মৃতার বাবা সুজন গোস্বামী বলেন, ও যখন ছাদে ছিল, তখন আমার সঙ্গে কথা হয়েছিল। আমি ওকে ঘরে চলে যেতে বলি। তারপরেই দুর্ঘটনাটি ঘটে। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীপাঞ্জনা দ্রুত বিয়ের জন্য প্রেমিকের উপর চাপ দিচ্ছিলেন। এনিয়ে দু’জনের মধ্যে তিক্ততাও তৈরি হয়। যদিও মৃতার পরিবার জানিয়েছে, ওই যুবক খুব ভালো ছেলে। সে বিয়ের জন্য দু’বছর সময় চেয়েছিল। দীপাঞ্জনা খুবই হাসিখুশি ও মিশুকে ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।



