Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কোন্নগরে বাড়ির সামনেই গুলিবিদ্ধ ব্যবসায়ী, চাঞ্চল্য

কোন্নগরে বাড়ির সামনেই গুলিবিদ্ধ ব্যবসায়ী, চাঞ্চল্য
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সাতসকালে বাড়ির সামনেই এক ব্যবসায়ীকে গুলি করে পালিয়ে গেল এক যুবক। মঙ্গলবার সকালে কোন্নগরের ১ নম্বর ওয়ার্ডের এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। তাঁর মাথায় গুলি লেগেছে। স্থানীয় বাসিন্দারাই ওই জখম ব্যবসায়ীকে শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে কলকাতায় রেফার করা হয়। ওই ব্যবসায়ীর নাম সামসুদ্দিন আনসারি (৫০)। জানা গিয়েছে, তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। উত্তরপাড়া থানার পুলিস জানিয়েছে, রঞ্জন যাদব নামের এক যুবকের বিরুদ্ধে গুলি করার অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয় বাঘখাল এলাকার বাসিন্দা ওই যুবক পলাতক। প্রাথমিক তদন্তের পরে পুলিসের দাবি, পুরনো বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে।
Advertisement
সাতসকালে একজন নাগরিককে তাঁর বাড়ির সামনে গুলি করে খুনের চেষ্টাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। নাগরিক মহলে নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁদের বক্তব্য, সহজেই আগ্নেয়াস্ত্র জোগাড় করে ফেলছে দুষ্কৃতীরা। পুলিসকে তারা মোটেই ভয় পায় না। এ নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা শুরু হয়েছে। গোটা ঘটনায় অস্বস্তি বেড়েছে পুলিসের। এদিন চন্দনননগর কমিশনারেটের ডিসি অর্ণব বিশ্বাস বলেন, অভিযুক্ত যুবককে খোঁজা হচ্ছে। সব দিক খোলা রেখেই তদন্ত করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী জৈননুদ্দিন আনসারি এদিন রাত পর্যন্ত আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি। তিনি ওই ব্যবসায়ীর প্রতিবেশী। এদিন সামসুদ্দিনের বাড়ির অদূরেই দাঁড়িয়েছিলেন তিনি। ঘটনাস্থলে ছিলেন জৈননুদ্দিনের মেয়েও। ওই প্রতিবেশী বলেন, আমরা মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিলাম। সেই সময় সামসুদ্দিন সাহেবের পিছন দিক থেকে এক যুবক এসে হঠাৎই তাঁর মাথার পিছনে গুলি চালিয়ে দেয়। গুলির আওয়াজে চমকে উঠি। সম্বিত ফিরতেই দেখি, সামসুদ্দিন আনসারি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। ওই যুবক তখনও আগ্নেয়াস্ত্র হাতে আস্ফালন করছিল। আমরা তাকে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যায়। আমরা সামসুদ্দিন সাহেবকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাই। ওই ঘটনার কথা মনে পড়লেই শিহরণ জাগছে। কী করে মানুষ এতটা দুঃসাহসিক হতে পারে, ভাবতে পারছি না।
কোন্নগর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ব্রহ্মস্থানে সামসুদ্দিন আনসারির বাড়ি। তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাঁর লরির কারবার আছে। এদিন সকালে তিনি তাঁর প্রতিবেশীর সঙ্গে মেয়ের বিয়ে নিয়ে গল্প করছিলেন। সকাল সাড়ে ৯টা নাগাদ রঞ্জন যাদব নামের ওই যুবক এসে গুলি করে পালিয়ে যায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর বাড়ি কোন্নগর ও রিষড়ার সংযোগস্থলে। স্থানীয় কিছু বিষয় নিয়ে এক বছর আগে ওই ব্যবসায়ীর সঙ্গে রঞ্জনের বিবাদ হয়েছিল। সেই ঘটনার সঙ্গে এদিনের ঘটনার যোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিস। 
সম্পর্কিত সংবাদ