Bartaman Logo
২৭ মে, ২০২৬

কনৌজ স্টেশনে ভেঙে পড়ল নির্মীয়মাণ বিল্ডিংয়ের ছাদ, আটকে বহু শ্রমিক

কনৌজ স্টেশনে ভেঙে পড়ল নির্মীয়মাণ বিল্ডিংয়ের ছাদ, আটকে বহু শ্রমিক
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
কনৌজ: স্টেশনের কাছেই চলছিল একটি বিল্ডিং ঢালাইয়ের কাজ। শনিবার দুপুরে নির্মীয়মাণ সেই বিল্ডিংয়ের ছাদের একাংশ ভেঙে পড়ল উত্তরপ্রদেশের কনৌজে। বহু শ্রমিক সেই সময় কাজ করছিলেন। তাঁদের মধ্যে অনেকেই আটকা পড়েছেন ধ্বংসস্তূপের নীচে। রাত পর্যন্ত খবর, ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনজন গুরুতরভাবে আহত বলে খবর। আরও অনেকে সেখানে আটকা রয়েছেন বলে আশঙ্কা। তাঁদের দ্রুত উদ্ধার করার কাজ চলছে। 
Advertisement
অমৃত ভারত প্রকল্পের অধীনে কনৌজ স্টেশন সংস্কারের কাজ চলছে। একটি দ্বিতল বিল্ডিং তৈরির কাজও চলছে। তারই নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে বিপত্তি ঘটে। জেলাশাসক শুভ্রন্ত কুমার শুক্লা জানিয়েছেন, দুপুর দু’টো ৪০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে কনৌজ স্টেশনে। সংস্কারের কাজ চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেটি। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল সহ পুলিস ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে রয়েছে। এছাড়াও রয়েছেন আরপিএফ, জিআরপির কর্মী-আধিকারিকরা। উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। যুদ্ধাকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। প্রাথমিক চিকিৎসার জন্য ঘটনাস্থলের কাছেই রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। জেলাশাসক বলেছেন, ‘আমাদের অগ্রাধিকার আটক শ্রমিকদের উদ্ধার করা। সবরকম চেষ্টা করা হচ্ছে।’ ঘটনাস্থলের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অল্পের জন্য বেঁচে গিয়েছেন শ্রমিক মহেশ কুমার। তিনি বলেন, ‘শাটারিংয়ের উপর কংক্রিট ঢালার সঙ্গে সঙ্গে সেটি ধসে পড়ে। যাঁরা যাঁরা সেটির উপরে ছিলেন সকলেই পড়ে যান। আমি কোণায় দাঁড়িয়েছিলাম। ধসে পড়ার আওয়াজ পেয়েই পালিয়ে যেতে পেরেছি।’ নিরাপদে সকল শ্রমিককে বের করে আনার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 
সম্পর্কিত সংবাদ