লখনউ, ১১ জানুয়ারি: ভেঙে পড়ল রেলের নির্মীয়মাণ ভবনের একাংশ। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজ স্টেশনে। মনে করা হচ্ছে, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন একাধিক শ্রমিক। খবর পেয়ে ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। জানা গিয়েছে,আজ শনিবার দুপুর আড়ইটা নাগাদ ওই নির্মীয়মাণ ভবনে কাজ করছিলেন প্রায় ৩৫ জন শ্রমিক। সেই সময়ে আচমকাই ঘটে বিপর্যয়, ভেঙে পড়ে ওই ভবনের ছাদের একাংশ। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। অকুস্থলে ছুটে আসে আরপিএফ এবং পুলিস কর্মীরা। পরে খবর পেয়ে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ইতিমধ্যেই আহত অবস্থায় ২৩ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। যাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা এখনও ধ্বংসস্তুপের তলায় আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। বর্তমানে চলছে উদ্ধারকাজ। দ্রুত ধ্বংসস্তূপ থেকে শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অত্যন্ত উদ্বিগ্ন। ইতিমধ্যেই ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। পাশাপাশি আহত শ্রমিকদের চিকিৎসার বন্দোবস্ত করার নির্দেশও দিয়েছেন।



