সংবাদদাতা, কান্দি: পোষ্য গোরুর গুঁতোয় মৃত্যু হল এক বৃদ্ধর। বৃহস্পতিবার সকালের ওই ঘটনা কান্দি থানার ব্রাহ্মণপাড়া গ্রামের। পুলিস জানিয়েছে, মৃতের নাম মুক্তিপদ ঘোষ (৬৯)। তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন। এই ঘটনায় কান্দি থানার পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাড়ির সকলেই কাজের সূত্রে বাইরে ছিলেন। কেউ কাপড় চোপড় ধোয়ার জন্য পুকুরে গিয়েছিলেন। কেউ গ্রামের অন্য গোরুর দুধ সংগ্রহে বাড়ির বাইরে ছিলেন। এমনসময় ওই বৃদ্ধ বালতি নিয়ে গোরুর দুধ দোয়াতে গিয়েছিলেন। কিন্তু গোরুর গুঁতোয় তাঁর মৃত্যু হয় বলে দাবি। মৃতের ছেলে কিরণ ঘোষ জানান, গোরুটি গুঁতো মেরে বাবাকে ফেলে দিয়েছিল। এই ঘটনার কিছুক্ষন পর প্রতিবেশিদের নজরে বিষয়টি এলে আমাদের জানায়। এরপর বাবাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে জানান। মৃতের এক প্রতিবেশি বলেন, ওই বৃদ্ধ পাতলা চেহারার ছিলেন। ওনাকে যে গোরুটিতে গুঁতো মেরেছিল সেটির ওজন প্রায় চার কুইন্টাল।



