সংবাদদাতা, কান্দি: সোমবার সকালে কান্দিতে যাত্রীবাহী বেসরকারি বাস ও বালি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জখম হয়েছেন ১৫জন। তাঁদের মধ্যে ছ’জনের অবস্থা গুরুতর হওয়ায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যাওয়ায় চালক গাড়িতেই আটকে পড়ে। প্রায় দেড়ঘণ্টার চেষ্টার পর পুলিস তাঁকে উদ্ধার করে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহরমপুর-সুলতানপুর ১১নম্বর রাজ্য সড়কের কান্দি থানার ভবানীপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার জেরে রাস্তাটি কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। পরে সেখানে কান্দি থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ ওই দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবাহী বাসটি বহরমপুর থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। বালি বোঝাই ট্রাকটি কান্দি থেকে বহরমপুরের দিকে আসছিল। ঘটনাস্থলের কাছে ট্রাকটি হঠাৎ করেই অন্যদিকে চলে এসে বাসের সামনে গিয়ে ধাক্কা মারে। ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসটিও পাল্টি খেয়ে রাস্তার ধারে পড়ে।
Advertisement
প্রত্যাক্ষদর্শী আলমগীর শেখ বলেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেটি বেশ চওড়া রাস্তা। কিন্তু ট্রাকটি হঠাৎ করেই বিপরীত দিকে এসে বাসের সামনে ধাক্কা মারে। মনে হচ্ছে, ট্রাকের চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এদিকে, এই ঘটনার পর ওই রাস্তা কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনার প্রায় ১৫মিনিট পর সেখানে কান্দি থানার পুলিস পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। তবে, পুলিসকে সবথেকে বেগ পেতে হয়েছে ট্রাকের চালককে উদ্ধার করতে। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে ট্রাকের জানালা ভেঙে পুলিস চালককে বের করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। কান্দি থানার পুলিস জানিয়েছে, ট্রাকের চালকের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। দু’টি গাড়ি আটক করা হয়েছে।



