সংবাদদাতা, বহরমপুর: কান্দি থানার মহালন্দিতে বেপরোয়া বাইকের ধাক্কায় এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সফিউল্লা শেখ(৫৭)। শুক্রবার সন্ধ্যায় চা খেয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। দুই যুবক মোটরবাইকে বেপরোয়া গতিতে এসে সামনে থেকে ধাক্কা মেরে পড়ে যায়। তিনজনকে গুরুতর জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে সফিউল্লাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মোটরবাইকে থাকা দুই যুবক হাসপাতালে ভর্তি রয়েছেন। ভগবানগোলায় পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু: শুক্রবার বিকেলে ভগবানগোলায় বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম প্রতাপ বাহালিয়া(২১)। বাড়ি ভগবানগোলা থানার দয়ানগরে। বাইকে চাপিয়ে ভাই প্রীতমকে নিয়ে জিয়াগঞ্জ যাচ্ছিলেন প্রতাপ। গোবরা এলাকায় বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর জখম হন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে শনিবার ভোরে প্রতাপের মৃত্যু হয়। প্রীতম ও টোটোর দুই যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মৃতের আত্মীয় রতন রায় বলেন, টোটোর চালক আচমকা উল্টো দিকে ঘোরায় দুর্ঘটনা ঘটেছে।



