নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে নানা অনুষ্ঠান হচ্ছে দেশজুড়ে। মূল অনুষ্ঠানটি হবে ১৪ জানুয়ারি দিল্লির ভারত মণ্ডপমে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অনুষ্ঠানে থাকবেন। বিভিন্ন দেশের আবহাওয়া দপ্তরের কর্তাদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। পাকিস্তান এবং বাংলাদেশও আছে আমন্ত্রিত দেশগুলির তালিকায়। ভারত মণ্ডপমে ১৪ ও ১৫ জানুয়ারি আবহাওয়া নিয়ে জাতীয় প্রদর্শনী ও কর্মশালা অনুষ্ঠিত হবে। ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে আবহাওয়া দপ্তরের ট্যাবলো থাকবে। এই উপলক্ষ্যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, পথনাটিকা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের উদ্যোগেও শহরের বিভিন্ন জায়গায় পথনাটিকার আয়োজন হয়েছে। আজ, শনিবার শহরে ‘রান ফর মৌসম’ আয়োজন করা হয়েছে, যা শুরু হবে গলফ গ্রিন সেন্ট্রাল পার্ক থেকে। আবহাওয়া সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার জন্য এই উদ্যোগ বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হরিবুর রহমান বিশ্বাস। এদিকে, আজ শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে একইরকম ঠান্ডা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে শীতলতম স্থান এদিনও ছিল পুরুলিয়া (৭.১ ডিগ্রি)। ১৬ জানুয়ারি থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের কমবে।



