সংবাদদাতা, মানবাজার: অবৈধভাবে চোলাই মদ তৈরি ও বিক্রির বিরুদ্ধে অভিযানে গিয়ে কেন্দা থানার পুলিসকে বাধার মুখে পড়তে হয়েছিল। ওই ঘটনায় রবিবার রাতে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিস। সোমবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তিনজনের জেল হেফাজত ও বাকি দু’জনকে তিন দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
Advertisement
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি কেন্দা থানার একটি দল লুকুইডি গ্রামে অভিযান চালায়। কিন্তু, পুলিসকে বিক্ষোভের মুখে পড়তে হয়। পরে কেন্দা থানার বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে যায়। তখন বিক্ষোভকারীরা পালিয়ে যায়। পুলিস অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা সহ একাধিক ধারায় মামলা রুজু করে। পুলিস জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পালিয়ে বেড়াচ্ছিল। ওই রাতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।



