Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কেন্দায় বেআইনি মদের বিরুদ্ধে অভিযানে পুলিসকে বাধা কারবারিদের

কেন্দায় বেআইনি মদের বিরুদ্ধে অভিযানে পুলিসকে বাধা কারবারিদের
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানবাজার: গ্রামে মদের কারবার রুখতে সরব হয়েছিলেন এলাকার মহিলারা। এরপরেই অবৈধ মদ তৈরি ও বিক্রির কারবারিদের বিরুদ্ধে অভিযান শুরু করে পুরুলিয়ার কেন্দা থানার পুলিস। সেই অভিযানে গিয়ে মদ কারবারিদের ক্ষোভের মুখে পড়তে হল পুলিস কর্মীদের। সোমবার সন্ধ্যায় কেন্দা থানার লুকুইডি গ্রামের ঘটনা। পরে ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় লুকুইডি গ্রামে অবৈধ মদ কারবারিদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিসের একটি দল। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে কারবারিরা। তাদের দাবি, মদ তৈরি ও বিক্রি আটকানো চলবে না। পুলিসের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তারা। পুলিসের কাজে বাধা দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে সেখানে যায় কেন্দা থানার বিশাল পুলিস বাহিনী। পরে পুলিস বাহিনী দেখে বিক্ষোভকারীরা সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় প্রায় ৪০ জন পুরুষ মহিলার নামে মামলা রুজু করেছে কেন্দা থানার পুলিস। অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। পুলিস জানিয়েছে, অভিযুক্তরা পালিয়ে বেড়াচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ