নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার কেন একথা বলতে পারছে না যে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে আলোচনার জন্য তাদের দরজা খোলা আছে? কেন কৃষকদের ন্যায্য দাবিগুলি বিবেচনা করার বিষয়ে কোনও সদিচ্ছা দেখাচ্ছে না তারা? বৃহস্পতিবার এভাবেই মোদি সরকারকে ভর্ৎসনা করল দেশের শীর্ষ আদালত। এদিন বিচারপতি সূর্যকান্ত ও উজ্জ্বল ভুয়ানের বেঞ্চ একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ করে সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে। কৃষকদের সমস্যা সমাধানে কেন্দ্র কেন কোনও পদক্ষেপ করেছে না, তারই জবাব চায় বেঞ্চ। উত্তরে সলিসিটর জেনারেল জানান, প্রত্যেক কৃষকের কথা ভাবে সরকার। তবে এই মুহূর্তে আরও একাধিক বিষয় রয়েছে। অনশনরত কৃষকনেতা জগজিৎ সিং দাল্লেওয়ালের শারীরিক অবস্থা নিয়েও উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। আদালত সম্ভবত এবিষয়ে অবহিত নয়। উল্লেখ্য, একাধিক দাবিদাওয়া নিয়ে এখনও পাঞ্জাব সীমানায় অবস্থান চালাচ্ছেন কৃষকরা।



