বেঙ্গালুরু: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীকে নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য। বিতর্কে জড়ালেন কর্ণাটকের মন্ত্রী। অভিযুক্ত মন্ত্রী জামির আহমেদ খানের পদত্যাগের দাবিতে সরব হয়েছে জেডিএস। চান্নাপাটনা আসনের উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থী সি পি যোগেশ্বর সম্প্রতি বিজেপি ছেড়ে ফের দলে ফিরে আসেন। এর আগে তাঁর দলবদলের প্রসঙ্গ তুলে জামির বলেন, ওই সময় যোগেশ্বরের বিজেপিতে যোগ দেওয়া ছাড়া কোনও উপায় ছিল না। কেননা তাঁর মনে হয়েছিল বিজেপির থেকে ‘কুমারস্বামী’ অনেক বেশি বিপজ্জনক। এরপরই কুমারস্বামীর গায়ের রং নিয়ে কর্ণাটকের মন্ত্রী বিতর্কিত মন্তব্য করে ন বলে অভিযোগ। জামিরের ওই মন্তব্যের পর শুরু হয়েছে বিতর্ক। তাঁকে যত দ্রুত সম্ভব মন্ত্রিসভা থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছে জেডিএস। কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুও সমালোচনায় সরব করেছেন।



