সংবাদদাতা, পতিরাম: পরিত্যক্ত দোকানে বিক্রি হচ্ছিল দেশি ও বিদেশি মদ। কুমারগঞ্জ থানার পুলিসের অভিযানে বাজেয়াপ্ত হল বিপুল পরিমাণ মদ। অবৈধভাবে মদ বিক্রি করায় দোকানদারকে গ্রেপ্তার করল কুমারগঞ্জ থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম বিলাস বসাক। বাড়ি কুমারগঞ্জের বরইট গ্রামে। ওই ব্যক্তি মোল্লাদিঘিতে ওই দোকানে অবৈধভাবে মদ বিক্রি করছিল। পুলিস প্রথমে ক্রেতা সেজেই ওই দোকানে যায়। এরপর দোকানে হানা দিয়েই উদ্ধার হয় মদ। পুলিস সূত্রে খবর, ওই দোকান থেকে ১২ বোতল বিদেশি ও ১৯ বোতল দেশি মদ উদ্ধার হয়। এরপরেই ওই দোকানদারকে গ্রেপ্তার করা হয়। এবিষয়ে কুমারগঞ্জের আইসি রামপ্রসাদ চাকলাদার বলেন, পুলিসি হানায় প্রচুর মদ উদ্ধার হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।



