Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কমছে শহরের তাপমাত্রা, কবে থেকে কামড় বসাবে কনকনে ঠান্ডা?

কমছে শহরের তাপমাত্রা, কবে থেকে কামড় বসাবে কনকনে ঠান্ডা?
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর কলকাতায় পারদ নামল আরও একধাপ। এতদিন ১৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছিল তাপমাত্রা। কিন্তু গতকাল রবিবার ১৭.৬ ডিগ্রিতে নেমেছিল পারা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার এই তাপমাত্রা আরও নীচে নামতে পারে। ১৭ ডিগ্রি বা তার আশেপাশে থাকতে পারে সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে ২৭ ডিগ্রির আশেপাশে।
Advertisement
গতকাল রবিবার, কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২৬.৯ ডিগ্রি ও ১৭.৬ ডিগ্রি। এক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় ২.৩ ডিগ্রি কম ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৭ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোনও বৃষ্টিপাত হয়নি। সোমবারও শহরে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত জোরদার শীত পড়ার সম্ভাবনা ক্ষীণ। হাওয়া অফিসের বক্তব্য মোতাবেক, ঠান্ডার দাপট বাড়বে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে। তার আগে পর্যন্ত, অর্থাৎ আরও প্রায় তিন সপ্তাহ শহরের তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৬-১৮ ডিগ্রির মধ্যেই। যদিও ইতিমধ্যেই পুরুলিয়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পারা নেমে এসেছে ১৪ ডিগ্রির আশেপাশে। ডিসেম্বরের পরে যে এই জেলাগুলিতে তাপমাত্রা প্রায় ১০-এর কাছাকাছি পৌঁছে যাবে তা বলাই বাহুল্য।
সম্পর্কিত সংবাদ