শ্যামলেন্দু গোস্বামী, বারাসত : মহিলাদের স্বনির্ভর করতে তৎপর রাজ্য সরকার। নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। গ্রামীণ এলাকার মহিলাদের সার্বিক বিকাশের জন্য স্বনির্ভর গোষ্ঠীর উপর বাড়তি জোর দিয়েছে সরকার। এবার সরকারের পাশাপাশি অভিনব উদ্যোগ গ্রহণ করল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। নতুন করে স্বনির্ভর গোষ্ঠীর তালিকায় নাম তোলার জন্য ‘গ্রামের স্বপ্ন’ নামে নতুন ক্যাম্প করছে প্রশাসন। রাজ্যে এই প্রথম, গ্রামে গ্রামে ক্যাম্প করা হবে পঞ্চায়েতের তরফে। শুধু তাই নয়, নতুন যাঁরা ভোটার হচ্ছেন তাঁদেরও এই প্রকল্পের আওতায় আনতে বোঝাবেন দপ্তরের কর্মীরা।
Advertisement
জেলায় ৭৬ হাজার ৮৭৯টি গ্রুপ রয়েছে আনন্দধারা প্রকল্পে। সেই সংখ্যা আরও বাড়াতে চায় জেলা গ্রামীণ উন্নয়ন দপ্তর। তাই জেলাশাসকের মস্তিষ্কপ্রসূত ‘গ্রামের স্বপ্ন’ প্রকল্প রূপায়ণের উদ্যোগ নেওয়া হয়েছে। দপ্তর সূত্রে জানা গিয়েছে, ক্যাম্পগুলি অঞ্চল ভিত্তিক করা হবে। পঞ্চায়েত এই ক্যাম্পের আয়োজন করবে। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, বিভিন্ন গ্রুপে মূলত ৩৫ বছরের বেশি বয়সি মহিলাদের আগ্রহ বেশি। কিন্তু ২২-৩৪ বয়সিদের উৎসাহ কম। তাছাড়া প্রত্যন্ত এলাকায় এনিয়ে প্রচার কম। অনেকে স্বনির্ভর গোষ্ঠীর উপকারিতা সম্পর্কে ওয়াকিবহাল নয়। তাই অল্পবয়সিদের মধ্যে এর প্রয়োজনীয়তা প্রচারে ‘গ্রামের স্বপ্ন’ ক্যাম্পকে হাতিয়ার করছে দপ্তর। গ্রামে নতুন ভোটারদের নামের তালিকা সংগ্রহ করা হয়েছে। নতুন ভোটারদের কর্মীরা বোঝাবেন, পড়াশোনার পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত থাকলে তাদের কি উপকার হবে। এছাড়া অনেকেই ভুল বুঝে এই স্বনির্ভর গোষ্ঠী থেকে নিজেদের সরিয়ে রেখেছেন, তাঁদেরও বুঝিয়ে সদস্য হিসেবে কাজ করানোর ভাবনা রয়েছে প্রশাসনের। সেই মতো সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিকেও সঙ্গে থাকার কথা বলেছে দপ্তর। গোষ্ঠীর আওতায় এলে টাকা লেনদেনের বিষয়ে কী কী উপকার হবে তা বোঝানোর জন্য স্থানীয় ব্যাঙ্ক কর্মীদের আমন্ত্রণ জানানো হচ্ছে।
উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী বলেন, ‘মহিলাদের জীবিকা নির্বাহের বিষয়টি বাড়তি গুরুত্ব দিচ্ছি আমরা। তাই গ্রামের স্বপ্নের মাধ্যমে গ্রামে গ্রামে ক্যাম্প করা হবে। ফলে মহিলারা স্বল্প সুদে টাকা নিয়ে স্বনির্ভর হতে পারবেন।’
জেলা গ্রামীণ উন্নয়ন দপ্তরের আধিকারিক ইন্দ্র নস্কর বলেন, ‘জেলাশাসকের মস্তিষ্কপ্রসূত এই ক্যাম্প বাস্তবায়নের প্রক্রিয়া চলছে জোরকদমে। আমাদের যে লক্ষ্য রয়েছে তা পূরণ করতে পারব। এর সুফল মিলবে তা নিশ্চিত।’