সংবাদদাতা, কল্যাণী: রাজ্যের দুয়ারে সরকারের ধাঁচে ‘মুখোমুখি পুরসভা’ নামে শিবির চালু করেছে কল্যাণী পুরসভা। এই কর্মসূচি তাঁরা পঞ্চমবার করছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের ২১টি ওয়ার্ডে বিভিন্ন দিনে পুরসভার আধিকারিক ও কর্মচারীরা পৌঁছে এই শিবির করছেন। সেখানে আলাদা আলাদা বিষয় নিয়ে আলাদা আলাদা টেবিলে নাগরিকদের সমস্যা নথিভুক্ত করা হচ্ছে। গত তিন বছর ধরে কল্যাণী পুরসভার উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হচ্ছে। বুধবার শুরু হওয়া এই শিবির ওয়ার্ডে ওয়ার্ডে চলবে ২৪ তারিখ পর্যন্ত। শিবিরগুলিতে রাস্তা ও জল, ড্রেন ও নিকাশি, বিদ্যুৎ, মিউটেশন ও ট্যাক্স সংক্রান্ত এবং পুর এলাকার বিবিধ বিষয়ের সমস্যার কথা নাগরিকদের থেকে সরাসরি শুনে নথিভুক্ত করেন পুরকর্মীরা। এরপর সেগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করা হবে। এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্পে করা লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বার্ধক্য ও বিধবা ভাতা নিয়ে নাগরিকদের কোনও সমস্যা থাকলেও, তা মুখোমুখি পুরসভায় জানানো যাচ্ছে। পাশাপাশি স্থানীয় কাউন্সিলার বা পুরপ্রধানের সঙ্গেও সরাসরি নাগরিক সমস্যা নিয়ে কথা বলা যাচ্ছে। পুরসভার এই উদ্যোগে খুশি নাগরিকরা।
Advertisement
পুরসভার চেয়ারম্যান নীলিমেশ রায়চৌধুরী বলেন, নাগরিকদের সমস্যা শুনতে মুখোমুখি পুরসভা কর্মসূচির মাধ্যমে সরাসরি আমরা পৌঁছে যাচ্ছি বিভিন্ন ওয়ার্ডে। সেখান থেকে নাগরিকদের ছোট সমস্যাগুলির সমাধান করতে বলে দেওয়া হচ্ছে। পরে বড় বিষয়গুলি বোর্ড মিটিংয়ে আলোচনা করে সমাধান করা হবে।



