সংবাদদাতা, কল্যাণী: ন্যাশনাল ফোরাম অব কেভিকে অ্যান্ড ডিআইসি অ্যাডমিটের ডাকে এবং ওয়েস্ট বেঙ্গল কেভিকে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সমর্থনে বৃহস্পতিবার গোটা দেশজুড়ে কৃষি বিজ্ঞান কেন্দ্রে কর্মবিরতি পালন করা হয়। এদিন গয়েশপুরে অবস্থিত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় (বিসিকেভি), কৃষি বিজ্ঞান কেন্দ্র (কেভিকে)-র সকল কৃষি বিশেষজ্ঞ ও কর্মীরা এক হয়ে কর্মবিরতি পালন করেন। আন্দোলনকারীদের দাবি, ‘এক কেভিকে এক নীতি’ গোটা দেশজুড়ে চালু করতে হবে। এছাড়াও কয়েক মাস ধরে দেখা যাচ্ছে, বিভিন্ন কর্মচারীদের ভাতা বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই ভাতা অবিলম্বে চালু করার দাবি তোলা হয়। মূলত এইসব দাবিতে এদিনের কর্মবিরতির ডাক দেওয়া হয়। কর্মীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগানের মাধ্যমে কর্মবিরতিতে শামিল হন।



