সংবাদদাতা, বারুইপুর: এক নাবালিকা বধূকে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। মৃতার নাম সুরাইয়া মোল্লা (১৭)। অভিযোগ, বাপের বাড়ি থেকে দুই লক্ষ টাকা আনার জন্য শারীরিক ও মানসিক অত্যাচার করা হতো ওই বধূকে। টাকা না আনায় শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। ঘটনাটি ঘটে সোমবার, কুলতলি থানার পূর্ব রাধাবল্লভপুর এলাকায়। মৃতার পরিবারের সদস্যরা কুলতলি থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিস অভিযুক্ত স্বামী ইসরাফিল পিয়াদাকে গ্রেপ্তার করেছে। শ্বশুরবাড়ির বাকি সদস্যরা পলাতক। পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে খবর, বকুলতলা থানা এলাকার বাসিন্দা ওই নাবালিকার সঙ্গে বিয়ে হয়েছিল কুলতলির বাসিন্দা ইসরাফিল পিয়াদার। মৃতার পরিবারের বক্তব্য, ইসরাফিল জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছিল তাঁদের মেয়েকে। মৃতার বাবা সাবির হাসান মোল্লা বলেন, মাত্র একমাস আগে বিয়ে হয় মেয়ের। তারপর থেকেই দুই লক্ষ টাকা আনার জন্য শারীরিক ও মানসিক অত্যাচার করা হতো মেয়ের উপর। টাকা না আনার জন্যই মেয়েকে খুন করেছে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন।



