Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ক্লাস শুরুর দু’মাস পরই ফর্ম ফিলআপের বিজ্ঞপ্তি প্রকাশ

ক্লাস শুরুর দু’মাস পরই ফর্ম ফিলআপের বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, তমলুক: ক্লাস শুরুর দু’মাস পর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমেস্টারের ফর্ম ফিলআপের বিজ্ঞপ্তিতে উদ্বিগ্ন ছাত্রছাত্রীরা। ১৭ থেকে ২৩ জানুয়ারি ওই সেমেস্টারের ছাত্রছাত্রীদের ফর্ম ফিলআপ হচ্ছে। গত ১৬ জানুয়ারি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক এনিয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন। কিন্তু, ছাত্রছাত্রীদের দাবি, গত ১৪ নভেম্বর থেকে পঞ্চম সেমেস্টারের ক্লাস শুরু হয়েছে। এর মধ্যে ছুটির দিন বাদ দিলে মেরেকেটে দেড় মাস ক্লাস হয়েছে। ফর্ম ফিলআপ হওয়ার পরই পরীক্ষার রুটিন চলে আসবে। ছ’মাসের সিলেবাস কীভাবে অল্প সময়ে শেষ হবে? এই অবস্থায় ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন কলেজের টিএমসিপি ইউনিট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কন্ট্রোলারকে চিঠি দিয়েছে। অন্তত পাঁচ মাস ক্লাস করার সুযোগ দেওয়ার আর্জি জানানো হয়েছে।
Advertisement
নানা কারণে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সেমেস্টারের পরীক্ষা অনেকটা দেরিতে শুরু হয়েছিল। গত বছরের ১৩ নভেম্বর ওই পরীক্ষা শেষ হওয়ার পরদিন থেকে পঞ্চম সেমেস্টারের ক্লাস শুরু হয়। ছ’মাসের একটা সেশনে মাত্র দু’মাসের মাথায় ফর্ম ফিলআপের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা বলেন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিলআপ শেষ হওয়ার পর পরই পরীক্ষার রুটিন দেওয়া হয়। ক্লাস শুরু হওয়ার পর এত অল্প সময়ের মধ্যে পরীক্ষা হলে ঠিকমতো প্রস্তুতি নেওয়া কঠিন। এতে অধিকাংশ পড়ুয়া সমস্যায় পড়বেন। তাই বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা উচিত।
দেশপ্রাণ কলেজের টিএমসিপি ছাত্র ইউনিট নেতা নিমাই দাস, আবেদ আলি খান বলেন, ছ’মাসের একটা সেশন অন্তত পাঁচ মাস ক্লাস হোক। সিলেবাস শেষ না হলে ছাত্রছাত্রীরা ঠিকমতো পরীক্ষা দিতে পারবেন না। এরফলে আশানুরূপ রেজাল্ট হবে না। তাই আমরা পরীক্ষা নিয়ামক এবং রেজিস্ট্রারের কাছে পঞ্চম সেমেস্টারে অন্তত পাঁচ মাস ক্লাস করানোর আর্জি জানিয়েছি। আমাদের আশা, ছাত্রছাত্রীদের স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখবে।
মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বপনকুমার মিশ্র বলেন, নানা কারণে চতুর্থ সেমেস্টারের পরীক্ষা দেরিতে হয়েছে। সেজন্য গত বছরের ১৪ নভেম্বর থেকে পঞ্চম সেমেস্টারের ক্লাস শুরু হয়। ছুটির দিন বাদ দিলে মেরেকেটে দেড় মাস ক্লাস হয়েছে। ফলে সিলেবাস অনেকটা বাকি। তাই ফর্ম ফিলআপের বিজ্ঞপ্তি দিতেই পঞ্চম সেমেস্টারের ছাত্রছাত্রীরা চিন্তায় পড়েছেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিপ্লব চক্রবর্তী বলেন, আমরা ফর্ম ফিলআপের বিজ্ঞপ্তি দিয়েছি। তবে, ওই প্রক্রিয়া হয়ে যাওয়ার পর বেশকিছু দিন ক্লাস চলবে। ক্লাস শেষ হওয়ার পর অ্যাডমিট ডাউনলোড করা যাবে। পরীক্ষার মুখে ফর্ম ফিলআপ হলে গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীরা অনেক সময় সমস্যার মুখোমুখি হয়। এরকম সমস্যা এড়াতে পরীক্ষার বেশকিছুটা আগে ফর্ম ফিলআপ করা যাচ্ছে। তাছাড়া, ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা আমাদের নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হয়। কারণ স্নাতক পাশ করার পর ছাত্রছাত্রীরা সর্বভারতীয় বিভিন্ন জায়গায় ভর্তির সুযোগ পান। নির্ধারিত সময়ের মধ্যে ফাইনাল পরীক্ষার রেজাল্ট প্রকাশ না হলে তাঁরা ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবেন। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের দায়বদ্ধতা রয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ